দেশের নির্বাচন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তা পুনরায় মেরামতের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তবে এ প্রক্রিয়া এককভাবে ইসির পক্ষে সম্ভব নয় বলে মনে করেন তিনি। তাই জাতির স্বার্থে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবাইকে সচেতনভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইসি মো. সানাউল্লাহ বলেন, এটি একটি সমন্বিত ও জাতীয় উদ্যোগ। দেশের ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতেই হবে, এর কোনো বিকল্প নেই।
নির্বাচনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সাংবাদিকরা আমাদের কাজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচনের বড় নিয়ামক শক্তি সাংবাদিকরা। আশা করছি, এ প্রশিক্ষণে সাংবাদিকরা উপকৃত হবেন।
ইসি সচিব আখতার হোসেন বলেন, প্রশিক্ষণটি অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। কারণ, সামনে জাতীয় নির্বাচন ও গণভোটÑ দুটি বড় আয়োজন একসঙ্গে পরিচালনা করতে হবে। এ দুই প্রক্রিয়ার প্রচার প্রচারণায় সাংবাদিকদের বড় ধরনের ও ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো তাদের কাজ করবে আর নির্বাচন কমিশনের দায়িত্ব হবে তাদের অবস্থান পরিষ্কারভাবে জনগণের সামনে তুলে ধরা। একটি ভালো নির্বাচন আয়োজনে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান, ইসি বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী জেবেল, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সাংবাদিক ও নির্বাচন কমিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।