সমঝোতা ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠক

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন শান্তিচুক্তি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেছিল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। বিবিসি জানিয়েছে, মস্কোয় গত মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠক থেকে কোনো ধরনের সমঝোতায় পৌঁছতে পারেনি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ সাংবাদিকদের জানান, সাম্প্রতিক আলোচনায় ইউক্রেন ইস্যুতে কোনো সমঝোতা হয়নি। উশাকভ বলেন, যুক্তরাষ্ট্রের কিছু প্রস্তাব ‘কমবেশি গ্রহণযোগ্য’ মনে হলেও, সেগুলো নিয়ে আরও আলোচনা প্রয়োজন। আর কিছু প্রস্তাব রাশিয়ার জন্য গ্রহণযোগ্য নয়। তিনি আরও জানান, পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ভূখণ্ড সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেছেন। তিনি বলেন, সেগুলো ছাড়া আমরা এই সংকটের সমাধান দেখি না। উশাকভ বলেন, পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কোনো বৈঠক এখনো নির্ধারিত হয়নি। সম্ভাব্য বৈঠকটি আমরা কতটা অগ্রগতি অর্জন করতে পারি তার ওপর নির্ভর করবে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। আর রাশিয়ার পক্ষে দেশটির প্রেসিডেন্টের অর্থনৈতিক দূত কিরিলি দিমিত্রিয়েভ এবং জ্যেষ্ঠ সহযোগী ও পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। বৈঠকটি খুবই ‘কার্যকর আর গঠনমূলক’ হয়েছে উল্লেখ করে ক্রেমলিনের জ্যেষ্ঠ কর্মকর্তা উশাকভ জোর দিয়ে বলেন, ওয়াশিংটন ও মস্কো উভয় দিক থেকেই এখনো অনেক কাজ বাকি আছে। বৈঠক শেষ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিবিসির খবরে বলা হয়েছে, কুশনার এরই মধ্যে মস্কো ছেড়েছেন। পুতিন বলেছেন, এখন পর্যন্ত কোনো খসড়া চুক্তি নিয়ে নয়; বরং একগুচ্ছ প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। তিনি গত সপ্তাহে বলেছিলেন, ভবিষ্যতে এসব প্রস্তাব চুক্তির ভিত্তি হতে পারে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সংকেতের অপেক্ষায় রয়েছে কিয়েভ। জেলেনস্কি এক্স-এ লিখেছেন, আমরা বিভিন্ন ধরনের সংকেত পাব। সে সব সংকেত যদি আমাদের অংশীদারদের সঙ্গে ন্যায্যভাবে মিলে যায়, তাহলে আমরা খুব দ্রুতই ওয়াশিংটনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসতে পারব। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বার্তায় যদি ‘বৃহৎ কিন্তু দ্রুত’ সিদ্ধান্ত নেওয়ার সুযোগের ইঙ্গিত থাকে, তাহলে ইউক্রেন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠাবে। বৈঠকের পর এক্স-এ পোস্ট করা এক টুইটে পুতিনের প্রতিনিধি কিরিল দিমিত্রেভ শান্তির প্রতীক কবুতরের ইমোজির পাশে ‘প্রডাকটিভ’ শব্দটি ব্যবহার করেন। ট্রাম্প বারবার বলছেন, তিনি ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান। এ জন্য গত আগস্টে আলাস্কায় পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক করেন তিনি। কিন্তু এ পর্যন্ত ট্রাম্পের এ প্রচেষ্টায় শান্তি আসেনি।