মুন্সিগঞ্জের গজারিয়ায় দুর্বৃত্তদের দেওয়া বিষে মরে গেছে পুকুরের সব মাছ। বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় মো. আবুলের ছেলে সিহাব (২১) আট মাস আগে ভাগ্য বদলের আশায় পুকুর লিজে নিয়ে মাছ চাষ শুরু করেন। ইতিমধ্যে মাছগুলো বিক্রয়যোগ্য হয়ে উঠেছিল। এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সিহাব বলেন, রাত থেকে ভোর রাতের মধ্যে কয়েক বার দেখে আসলাম। কিন্তু যখন বাড়িতে গিয়ে ঘুমালাম তখন একজন এসে জানাল আমার পুকুরের সব মাছ ভেসে আছে। গিয়ে দেখি, লোকজন মাছ ধরে নিয়ে যাচ্ছে, আমিও কিছু ধরলাম।
স্থানীয় সমাজসেবক রমজান সরকার বলেন, কাজটা নিন্দনীয়। ছেলেটা সারা বছর পুকুর নিয়ে খাটুনি করেছে। অপরাধীদের চিহ্নিত করা দরকার।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, আমি বিষয়টা শুনেছি, ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।