মুন্সীগঞ্জ-৩ আসনে (সদর-গজারিয়া) মনোনয়ন ঘোষণার প্রতিবাদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনের কুশপুত্তলিকা দাহ করেছে দলীয় নেতাকর্মীরা। এছাড়া আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ সৃষ্টি ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকায় মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের সমর্থক দলীয় নেতাকর্মীরা মুন্সীগঞ্জ-মুক্তারপুর সড়কে কেন্দ্রীয় দুই নেতার কুশপুত্তলিকা দাহ করে। এর আগে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ব্যানার-ফেস্টুনে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে।
প্রসঙ্গত, এদিন বিকাল ৪টার দিকে ঢাকার কেন্দ্রীয় বিএনপির কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মুন্সীগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
এ আসনের মনোনয়ন বঞ্চিত মো. মহিউদ্দিন সমর্থিত নেতাকর্মীরা জানান, বিকাল ৫টার দিকে শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর পুরাতন ফেরীঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে জেলা শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ে এসে সড়কে অবরোধ সৃষ্টি করে।
কামরুজ্জামান রতনকে প্রার্থী ঘোষণার প্রতিবাদে মূর্হুমুহু শ্লোগান দেন নেতাকর্মীরা। এক পর্যায়ে ব্যানার-ফেস্টুনে আগুন জ্বালান। এসময় দলের মহাসচিব ও সমাজকল্যাণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম শহীদ, কাজী আবু সুফিয়ান বিপ্লব, জেলা বিএনপির সাবেক সদস্য গোলজার হোসেন, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মতিন, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মু. মাসুদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেম প্রমুখ।