ইউক্রেনে যুদ্ধবিরতি

ফ্লোরিডায় বসছেন মার্কিন-ইউক্রেনীয় আলোচকরা

হোয়াইট হাউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ স্থানীয় সময় বৃহস্পতিবার মিয়ামিতে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরভের সঙ্গে বৈঠকে বসছেন।

ইউক্রেন যুদ্ধ শেষ করার লক্ষ্যে প্রস্তুত করা মার্কিন প্রস্তাব নিয়ে উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার গত মঙ্গলবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে প্রায় পাঁচ ঘণ্টা ধরে বৈঠক করেন। ওই বৈঠকে এই যুদ্ধ শেষ করা নিয়ে কোনো ‘আপসরফা হয়নি’ বলে জানিয়েছে ক্রেমলিন। মস্কোর বৈঠক সেরে দেশে ফিরে উমেরভের সঙ্গে বসছেন উইটকফ।

বিবিসি জানিয়েছে, মস্কোর বৈঠককে ‘যুক্তিসঙ্গতভাবে ভালো’ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে কী হতে পারে তা বলার সময় এখনো আসেনি কারণ সমাধান ‘দুপক্ষের ওপর নির্ভর করছে’ বলে মন্তব্য করেছেন তিনি।

পুতিন আসলেই যুদ্ধ শেষ করতে চান, উইটকফ ও কুশনার তা বিশ্বাস করেন কি না, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘(পুতিন) যুদ্ধ শেষ করতে চান। তারা এমন মনোভাবই দেখিয়েছে।’

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা বলেছেন, রাশিয়াকে অবশ্যই এই ‘রক্তপাত বন্ধ করতে হবে’। পুতিন ‘বিশ্বের সময় নষ্ট করছেন’ বলে অভিযোগ করেছেন তিনি। বুধবার এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, ‘আসছে দিনগুলোতে’ মার্কিন ও ইউক্রেইনীয় আলোচকরা বৈঠকে বসবেন।

সামাজিক মাধ্যম এক্স এ এক বিবৃতিতে জেলেনস্কি বলেছেন, ‘এখন বিশ্ব পরিষ্কারভাবে অনুভব করছে যে যুদ্ধ শেষ হওয়ার একটি বাস্তব সুযোগ আছে।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনীয় ও ইউরোপীয়দের কয়েক দিন ধরে বৈঠকের পর ক্রেমলিনে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। নভেম্বরে যুক্তরাষ্ট্রের ২৮ দফার একটি খসড়া শান্তি প্রস্তাব ফাঁস হওয়ার পর ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা তখন অভিযোগ করে বলেছিলেন, শান্তি চ্ুিক্তর এই খসড়া অনেকটাই রাশিয়ার দিকে ঝুঁকে আছে। মস্কো বৈঠকের পর পুতিনের পররাষ্ট্রবিষয়ক শীর্ষ উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, ‘আমেরিকার কিছু খসড়া প্রস্তাব কমবেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে, তবে সেগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার।’