অনেক দিন ধরে তেমন একটা আলোচনায় ছিলেন না গায়িকা, অভিনেত্রী ও সঞ্চালক মাইলি সাইরাস। তবে কিশোর বয়সে ‘হানা মন্টানা’ হিসেবে খ্যাতি অর্জন করলেও বড় বেলায় কেবল গায়িকা হিসেবেই বিশ্বজুড়ে বেশি পরিচিতি লাভ করেন তিনবার গ্র্যামিজয়ী এই শিল্পী। গান দিয়ে এক সময় ঝড় তোলা এই সংগীতশিল্পী দীর্ঘদিনের আড়াল ভেঙে কিছুদিন আগে তার নতুন গান ‘সিক্রেটস’ প্রকাশ করেন। এ গানটি তার বাবা জনপ্রিয় কান্ট্রি তারকা বিলি রে সাইরাসকে উৎসর্গ করেন তিনি। পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে জানানো হয়েছে, বছরের পর বছর ধরে তাদের পারিবারিক সম্পর্কে বেশ টানাপোড়েন চলছিল। এতকিছুর পর তাই মাইলি এই গানটিকে ‘শান্তির নিবেদন’ হিসেবে বর্ণনা করেছেন। গানটি তিনি তার বাবার ৬৪তম জন্মদিন উপলক্ষে তৈরি করে তাকে পাঠিয়েছিলেন। সিবিএস নিউজের সানডে মর্নিং অনুষ্ঠানের সাম্প্রতিক এক পর্বে হাজির হয়ে এ কথা জানান মাইলি। তখন তাকে প্রশ্ন করা হয়, গানটি পেয়ে বিলি রে সাইরাসের প্রতিক্রিয়া কেমন ছিল। জবাবে মাইলি বলেন, ‘আমার বাবা কেঁদেছিলেন। আমি আমার বাবাকে খুব বেশি কাঁদতে দেখিনি সেটা খুশির অশ্রু হোক বা বেদনার। জানি না, আমি আমার বাবাকে তার বাবার মৃত্যুর পর থেকে কখনো কাঁদতে দেখেছি কি না।’
তবে এবার এই পপতারকা নতুন করে শিরোনামে এলেন জীবনের আরেক যাত্রার প্রস্তুতি নিয়ে। টেইলর সুইফট, সেলেনা গোমেজদের পর এবার বিয়ে করতে যাচ্ছেন মাইলি। চার বছর সম্পর্কে থাকার পর বয়সে ছোট ম্যাক্স মোরান্দোরের সঙ্গে বাগদান সেরেছেন মার্কিন এই গায়িকা। গত ১ ডিসেম্বর থেকে এই গুঞ্জন উড়ছে। তবে মুখে কুলুপ এঁটেছিলেন বিশ্বখ্যাত এই সংগীতশিল্পী। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বাগদানের কথা স্বীকার করলেন ৩৩ বছর বয়সি এই তারকা। চলতি ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে জেমস ক্যামেরনের বিখ্যাত সিনেমা অ্যাভাটার-এর তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’। এ সিনেমায় তার ‘ড্রিম অ্যাজ ওয়ান’ গানটি ব্যবহার করা হয়েছে। সিনেমাটির প্রচারের সময়ে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পিপলের সঙ্গে কথা বলেন এই শিল্পী। মা ইলি সাইরাসের হবু বর ম্যাক্স ‘লিলি’ ব্যান্ডের ড্রামার। ২৭ বছর বয়সি প্রেমিকের সঙ্গে জীবনের নতুন ধাপে পা রাখার ক্ষেত্রে কোন বিষয়টি মাইলিকে বিস্মিত করেছে? এ প্রশ্ন রাখা হলে মাইলি বলেন, ‘যে বিষয়টি আমি শেয়ার করতে পারি, তা হলো আমাদের গোপনীয়তা এবং সবকিছু ছোট করে রাখার ব্যাপারটি। আমি বিস্মিত। কারণ আমরা সত্যি সেটা করতে পেরেছি। এতে করে নিজেদের পছন্দমতো সিদ্ধান্ত নিতে পেরেছি।’ ব্যক্তিগত জীবন নিয়ে অনেকটা রক্ষণশীল মাইলি সাইরাস বলেন, ‘কী শেয়ার করব আর কী করব না, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা নিয়ে এখন আরো বেশি রক্ষণশীল হয়েছি। আমার মনে হয়, এটা আমার সঙ্গে নিখুঁতভাবে মিলে যায়। আমার জীবনের বর্তমান অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’
গত ১ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ‘অ্যাভাটর: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার প্রিমিয়ারে একসঙ্গে উপস্থিত হন মাইলি সাইরাস ও ম্যাক্স। তারপর তাদের বাগদানের গুঞ্জন চাউর হয়। রেড কারপেটে ছবি তোলার সময় মাইলি সাইরাসের হাতের আঙুলে ঝলমলে একটি আংটি দেখা যায়। এর আগে গত ২৩ নভেম্বর, মাইলির জন্মদিনে তার ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে এই আংটি প্রথমবার দেখা যায়, তবে এটা বাগদানের আংটি কি না তা তখন নিশ্চিত হওয়া যায়নি। জুয়েলারি ডিজাইনার জ্যাকি আইশ পিপলকে বলেন, ‘মাইলির আংটিটি আমারই তৈরি। এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। এতে কুশন-কাট পাথর এবং ১৪ ক্যারেটের হলুদ সোনার ব্যান্ড ব্যবহার করা হয়েছে।’ জুয়েলারি বিশেষজ্ঞরা ধারণা করছেন, আংটিটির দাম প্রায় ৪ লাখ ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৪৮ লাখ টাকার বেশি) পর্যন্ত হতে পারে।
২০২১ সালের ডিসেম্বর ম্যাক্সের সঙ্গে মাইলি সাইরাসের প্রেমের সম্পর্কের গুঞ্জন চাউর হয়। মায়ামিতে এনবিসির ছুটির বিশেষ অনুষ্ঠানের ব্যাকস্টেজে ঘনিষ্ঠ অবস্থায় তাদের ছবি তোলা হয়। ২০২২ সালের এপ্রিলে ওয়েস্ট হলিউডে তাদের চুম্বনরত অবস্থায় দেখা গেলে দুজনের রোমান্স প্রকাশ্যে আসে।