অদ্ভুত কারণে খেলা শুরুর আগেই লাল কার্ড দেখলেন ফুটবলার!

খেলা শুরু হতে তখনও কিছুটা সময় বাকি। প্রতিদ্বন্দ্বী দুই দল তখনও মাঠে নামার অপেক্ষায় আছে। এমন সময়ে সেই মাঠে ঢোকার টানেলেই রেফারির সৌজন্যে লাল কার্ড দেখলেন এক ফুটবলার! অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে ভারতের প্রথম সারির ফুটবল টুর্নামেন্ট সুপার কাপে। যার সাথে হয়েছে, তিনি এফসি গোয়ার স্প্যানিশ অধিনায়ক ইকার গুয়্যারোক্সেনা।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, টুর্নামেন্টের সেমিফাইনালে এফসি গোয়া মুখোমুখি হয়েছিল মুম্বাই সিটি এফসির। খেলা শুরুর আগে দুই দল যখন টানেলে দাঁড়িয়েছিল, তখনই দেখা যায় রেফারির সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েছেন গুয়্যারোক্সেনা। তখনই রেফারি প্রতীক মণ্ডল আচমকাই স্প্যানিশ মিডফিল্ডারকে লাল কার্ড দেখিয়ে টানেল ছেড়ে বেরিয়ে যেতে বলেন! এই ঘটনার জন্য দায়ী গুয়্যারোক্সেনার পোশাক।

জানা গেছে, গুয়্যারোক্সেনার পোশাকের রং নাকি নিয়মবহির্ভূত ছিল। জার্সির নিচে যে তিনি টি-শার্টটি পরেছিলেন, সেটি প্রতিপক্ষ দলের জার্সির রংয়ের সাথে মিলে যায়। রেফারি তাকে সেটা পরিবর্তন করতে বললেও গুয়্যারোক্সেনা কানে তোলেননি। এরপরই তার সঙ্গে রেফারির বাকবিতণ্ডা শুরু হয়। সরাসরি লাল কার্ড দেখানো হয় গুয়্যারোক্সেনাকে। গোয়ার কোচ মানোলো মার্কেজ ম্যাচ শেষে বলেন, তিনি রেফারির সিদ্ধান্তে অবাক হয়েছেন।

সেমিফাইনালে গোয়াকে অবশ্য ১০ জনে খেলতে হয়নি। নিয়ম অনুযায়ী, খেলা শুরুর আগে কেউ লাল কার্ড দেখলে বদলি হিসাবে অন্য ফুটবলারকে নামানো যায়। গুয়্যারোক্সেনার জায়গায় নামেন স্প্যানিশ ফরওয়ার্ড জেভিয়ের সিভেরিও। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে গোয়া। রবিবার শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ওপার বাংলার বিখ্যাত ক্লাব ইস্টবেঙ্গল। প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গল ৩-১ ব্যবধানে হারিয়েছে পাঞ্জাবকে।