মুখ ঢেকে কথা বলায় প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন 

আপডেট : ২০ জুন ২০২৬, ০৪:৪৭ পিএম

ফুটবল মাঠে রেফারির চোখ এড়াতে কিংবা প্রতিপক্ষকে গোপনে কিছু বলতে খেলোয়াড়দের মুখে হাত বা জার্সি দেওয়ার দৃশ্য বেশ চেনা। তবে এবার সেই চেনা অভ্যাসই ডেকে আনলো এক ঐতিহাসিক বিপর্যয়। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘ডি’ এর ম্যাচে তুরস্কের বিপক্ষে হাত দিয়ে মুখ ঢেকে কথা বলার অপরাধে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে প্যারাগুয়ের তারকা উইঙ্গার মিগুয়েল আলমিরনকে। ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) এর নতুন এই নিয়মের আওতায় বহিষ্কারের এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো বিশ্বমঞ্চ।

সান ফ্রান্সিসকোতে ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+৩ মিনিটে) তুরস্কের রাইট ব্যাক মার্ত মুলদুরের সঙ্গে এক উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়ান আলমিরন। এ সময় তিনি হাত দিয়ে মুখ ঢেকে কিছু একটা বললে মুলদুর সাথে সাথেই পাশে থাকা অফিশিয়ালকে বিষয়টি জানান। এরপর সালভাদরীয় রেফারি ইভান বার্টন ভিএআর রিভিউ দেখে গ্যালারির দর্শকদের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে ৩২ বছর বয়সী আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখান।

আইএফএবি গত এপ্রিলে ভ্যাঙ্কুভারে এক বিশেষ সভায় এই নতুন আইন পাস করে। বর্ণবাদী বা আপত্তিকর মন্তব্য লুকিয়ে করার প্রবণতা বন্ধ করতেই মূলত এই কঠোর নিয়ম আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো প্রতিপক্ষের সাথে উত্তপ্ত বা বিরোধপূর্ণ পরিস্থিতিতে মুখে হাত দিয়ে কথা বললেই রেফারি সরাসরি লাল কার্ড দেখাতে পারবেন। তবে বন্ধুত্বপূর্ণ পরিবেশে কথা বলার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও এই নিয়মের পক্ষে জোরালো সমর্থন দিয়ে বলেছিলেন, খেলোয়াড়রা আড়ালে এমন কিছু বলছেন যা তাদের বলা উচিত নয়; রেফারিদের এই ধারণা থেকেই সিদ্ধান্ত নিতে হবে।

এই নিয়মটি হাই-প্রোফাইল রূপ নেয় গত ফেব্রুয়ারিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে, যেখানে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে জার্সি দিয়ে মুখ ঢেকে কথা বলে সমকামী আচরণের দায়ে উয়েফার তদন্ত শেষে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন বেনফিকার উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ানি।

আলমিরনের এই বহিষ্কারের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে এটি প্যারাগুয়ের তৃতীয় লাল কার্ডের ঘটনা। এর আগে ২০০২ বিশ্বকাপে দেশটির হয়ে লাল কার্ড দেখেছিলেন কার্লোস পারেদেস ও রবার্তো আকুনা। পাশাপাশি, এটি চলতি ২০২৬ বিশ্বকাপের সপ্তম লাল কার্ডের রেকর্ড। ২০১৪ সালের বিশ্বকাপে সর্বোচ্চ ১০টি লাল কার্ড দেখার পর, বিগত যেকোনো আসরের চেয়ে এবারের বিশ্বমঞ্চেই সবচেয়ে বেশি লাল কার্ডের ঘটনা।



×
সর্বশেষ সর্বাধিক পঠিত