ভারতে আটক ২ আসামিকে বাংলাদেশে ফেরত

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনকে (৩৫) গুলি করে হত্যার ঘটনায় ভারতে পালিয়ে যাওয়া দুই আসামিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার বিকেলে কসবা থানা পুলিশের কাছে তাদের সোপর্দ করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে।

গ্রেপ্তাররা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও শহরের কান্দিপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে শাকিল মিয়া (৩৩) ও শহরের মধ্যপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে আরিয়ান আহমেদ (২৪)।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের সাবেক নেতা সাদ্দাম হোসেনকে (৩৫) গত ২৮ নভেম্বর গুলি করে হত্যার ঘটনার পর শাকিল মিয়া ও আরিয়ান আহমেদ ভারতে পালিয়ে যায়। গত বৃহস্পতিবার বিএসএফ তাদের আটক করে। গতকাল শুক্রবার কসবা সীমান্তের ২০৩৯ পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির হাতে তুলে দেয় তারা। বিজিবি শুক্রবার বিকেলে কসবা থানা পুলিশের কাছে আসামিদের সোপর্দ করে। এ ঘটনায় বিজিবির কসবা ক্যাম্প কমান্ডার সুবেদার নুরুল ইসলাম বাদী হয়ে কসবা থানায় আরেকটি মামলা করেন।

কসবা থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে আসামিদের বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ। পরে বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আজহারুল ইসলাম বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশের কারণে বিএসএফ তাদের ফেরত দিয়েছে।