কালীগঞ্জে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাঠ থেকে ওমর শেখ (৩২) নামের এক নসিমনচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার মোবারকগঞ্জ চিনিকলের মাঠ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ওমর শেখ একই উপজেলার বেলাট গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে।

স্থানীয়রা জানান, চিনিকলের মাঠে ওমর শেখের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে কুপিয়ে ও শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং গলায় রশি বাঁধা ছিল। গত বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ওমর শেখ তার বাড়ি থেকে নসিমন নিয়ে বের হন। শুক্রবার (গতকাল) সকালে তার মরদেহ আমরা উদ্ধার করেছি। ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট কাজ করছে। হত্যাকান্ডের কারণ এখনই বলা যাচ্ছে না। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।