যশোর সদর উপজেলার রসুলপুর গ্রামের গৃহবধূ সাগরী বেগম (২৫) ও তার আট বছরের মেয়ে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। স্বজনদের পক্ষ থেকে যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, তবে এখনো তাদের খোঁজ মেলেনি। বিষয়টি অন্য থানায়ও বেতার বার্তায় জানানো হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ নভেম্বর বিকেল ৪টার দিকে সাগরী বেগম তার মেয়েকে নিয়ে পিত্রালয় কালীগঞ্জের পারক্ষিদ্দা গ্রামের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু সেদিন তারা গন্তব্যে পৌঁছাননি। বের হওয়ার কয়েক ঘণ্টা পর থেকেই তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
স্বামী মিঠু মিয়া জানান, স্ত্রী ও মেয়ের অবস্থান সম্পর্কে তিনি সম্পূর্ণ অজ্ঞাত। তিনি দ্রুত তাদের সন্ধান পাওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি কোনো তথ্য পাওয়া গেলে ০১৯০৫৪৭২৪৬১ বা ০১৬০৫৮৯৮১১৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
তদন্ত কর্মকর্তা এসআই ইয়াকুব আলী বলেন, মোবাইল ফোনের ট্র্যাকিং চলছে। প্রাথমিকভাবে কিছুই সন্দেহজনক পাওয়া যায়নি। গৃহবধূ সন্তানসহ আত্মগোপনে আছেন কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।