পিরোজপুরের ভান্ডারিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাওয়া ইউনিয়ন হিন্দু শাখার সদস্য ডা. পরিতোষ মিত্রের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ধাওয়া বাজারে এ বিক্ষোভ সমাবেশ হয়।
ধাওয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি নাসির উদ্দিন আল বানীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোফাজ্জল হোসেন, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি রুহুল আমিন, পিরোজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ জামাল আলম জোমাদ্দার, ধাওয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান জাকির, শ্রমিক কল্যাণ ফেডারেশন ভা-ারিয়া পৌর শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ।
জামায়াতে ইসলামী ধাওয়া ইউনিয়ন হিন্দু শাখার সদস্য ডা. পরিতোষ মিত্র বলেন, ‘গত ২ ডিসেম্বর বিকেলে ধাওয়া বাজারে স্থানীয় বিএনপি নেতা আসাদুজ্জামান পলাশ হঠাৎ আমার ওপর চড়াও হয়। এ সময় তিনি আমার কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে আমাকে মারধর করে। আমি এর সঠিক বিচার চাই।’