কুড়িগ্রামে হিমালয় গৃধিনী শকুন উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভেতরবন্দের সুকানদীঘি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বিশাল আকারের হিমালয় গৃধিনী প্রজাতির শকুন। গতকাল শুক্রবার সকালে স্থানীয়রা শকুনটিকে ছোট একটি গাছের ডালে বসে থাকতে দেখে। এ সময় কৌতুহল বশত : তারা শকুনটিকে তাড়ানোর চেষ্টা করলেও শকুনটি ডালেই বসে থাকে। পরে সেটিকে উদ্ধার করে বস্তাবন্দি করে রাখে স্থানীয়রা।

এ অবস্থায় গ্রিন ভিলেজ ফাউন্ডেশনের স্থানীয় এক স্বেচ্ছাসেবী বন বিভাগকে খবর দেয়। গ্রিন ভিলেজের সহায়তায় শকুনটিকে কুড়িগ্রাম বন বিভাগে নিয়ে আসে কর্মীরা।

স্থানীয়রা জানায়, ছোট গাছের ডালে বিশাল আকৃতির শকুনটি উড়তে না পারায় ধরে বস্তাবন্দি করে রাখা হয়।

বন বিভাগের কর্মীরা জানান, শকুনটিকে রংপুর বন বিভাগের নিকট হস্তান্তর করা হবে। সেখানে চিকিৎসার পর অবমুক্ত করা হবে। স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম রশিদ আলী বলেন, এটি হিমালয় গৃধিনী প্রজাতির শকুন। হিমালয় নিকটবর্তী হওয়ায় ঠা-াজনিত কারণ অথবা পথ ভুলে বাংলাদেশে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।