একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বইপড়ার সুযোগ

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে শিক্ষার্থীরা ভর্তি হয়েছে একাদশ শ্রেণিতে। একটি নতুন শিক্ষায়তনে, শিক্ষাজীবনের নবযাত্রা। তাদের চার পাশে খুলে যাচ্ছে বিভিন্ন জ্ঞানার্জনের বিভিন্ন মুক্ত বাতায়ন। তেমন একটি সুযোগ হলো, বিশ্বসাহিত্য কেন্দ্রের কলেজ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা বাংলা সাহিত্য ও পৃথিবীর কিশোর সাহিত্যের সবচেয়ে সুন্দর ও উপভোগ্য সব বই পড়ার সুযোগ পায়। এই কর্মসূচির ব্যাপ্তি আঠারো সপ্তাহ। এ সময়ে মোট বারোটি বই পড়তে দেওয়া হয় শিক্ষার্থীদের। এই বইয়ের ওপর আলোচনা করেন সাহিত্যিক, শিক্ষক ও বিশিষ্ট বক্তারা। শুধু তাই নয়, বই পড়ার জন্য পুরস্কারও। বই পড়ার শেষে রয়েছে একটি ছোট্ট মূল্যায়ন পরীক্ষা। সাতটি, দশটি ও বারোটি বই পড়ার জন্য শিক্ষার্থীরা পাবে যথাক্রমে শুভেচ্ছা পুরস্কার, অভিনন্দন পুরস্কার ও সেরাপাঠক পুরস্কার। কলেজের একাদশ শ্রেণির (ঢাকা মহানগর) যেকোনো শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবে।

আগ্রহী শিক্ষার্থীরা যোগাযোগ করতে পারেন বিশ্বসাহিত্য কেন্দ্রে, সঙ্গে নেবেন কলেজের আইডি কার্ডের ফটোকপি, এক কপি পাসপোর্ট ও এক কপি স্ট্যাম্প সাইজ ছবি। কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ফি লাগবে মাত্র বিশ টাকা আর গ্রন্থাগারের নিরাপত্তা ফি জমা দিতে হবে আশি টাকা। কর্মসূচি শেষে তিন মাসের মধ্যে গ্রন্থাগার নিরাপত্তা ফি ফেরত পাওয়া যাবে, যদি অংশগ্রহণকারী ধার নেওয়া বই নিয়ম অনুযায়ী নিয়মিত ফেরত দেন। সদস্য হওয়া যাবে, চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত। উপস্থিত হওয়া যাবে বাংলা মোটরে, ১৭ ময়মনসিংহ রোডের বিশ্বসাহিত্য কেন্দ্রে প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ৯৬১১২২৮-৯ অথবা ০১৭৬১৪৯৬৪৯৭ এই নম্বরে।