তোরেসের হ্যাটট্রিকে বার্সেলোনার গোলউৎসব

ফেরান তোরেসের দুর্দান্ত হ্যাটট্রিকে লা কার্তুয়া স্টেডিয়ামে রিয়াল বেতিসকে ৫-৩ গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। এই জয়ে হান্সি ফ্লিকের দল ৪০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল।

শনিবার রাতে ম্যাচ শুরুর মাত্র পাঁচ মিনিটে বার্সার ডিফেন্স ভেদ করে অ্যান্টোনির গোলে এগিয়ে যায় বেতিস। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১১ মিনিটে জুল কুন্দের অ্যাসিস্ট থেকে তোরেস সমতায় ফেরান। দুই মিনিট পর রুনি বার্ডগির ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করে বার্সাকে এগিয়ে নেন স্প্যানিশ এই ফরোয়ার্ড। ৩১ মিনিটে পেদ্রির অ্যাসিস্টে দলের তৃতীয় গোলটি করেন বার্ডগি।

বিরতির আগে ৪০তম মিনিটে তোরেস সম্পন্ন করেন তার হ্যাটট্রিক। চলতি লিগে এটি তার ১১তম গোল। লিগের শীর্ষ গোলদাতাদের তালিকায় কিলিয়ান এমবাপ্পের ঠিক পরেই তার অবস্থান। ৪-১ ব্যবধানে এগিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে কাতালানরা আরও আক্রমণাত্মক খেলতে থাকে। ৫৯ মিনিটে মার্ক বারত্রার হ্যান্ডবল থেকে পাওয়া পেনাল্টি স্পট কিক থেকে লামিন ইয়ামাল গোল করে ব্যবধান বাড়ান।

৮৫ মিনিটে দিয়েগো ইয়োরেন্তের হেডে বেতিস একটি গোল শোধ করে। এরপর ইনজুরি টাইমে তোরেসের আরেকটি ভুলের ফলে পাওয়া পেনাল্টি থেকে কুচো হার্নান্দেজ গোল করলেও তাতে ফল বদলায়নি। ৫-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। ম্যাচ শেষে বার্সা কোচ হান্সি ফ্লিক বলেন, ‘একটানা কঠিন ম্যাচ খেলতে গিয়ে ক্লান্তি থাকা স্বাভাবিক। তবুও খেলোয়াড়রা দারুণ পারফর্ম করে গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছে।’