অপেক্ষার অবসান: মেসির জাদুতে প্রথমবার এমএলএস কাপ জয় মায়ামির

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম

অবশেষে অপেক্ষার অবসান। দুই বছর আগে মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার পর নানা সাফল্য অর্জন করলেও এমএলএস কাপটাই ছিল লিওনেল মেসির অধরা। টুর্নামেন্ট ফাইনালে জোড়া অ্যাসিস্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ইন্টার মায়ামিকে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতালেন আর্জেন্টাইন সুপারস্টার।

চেইস স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মায়ামি ৩–১ গোলে হারায় ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে। ম্যাচের ৭১ মিনিটে রদ্রিগো ডি পলকে নিখুঁত পাসে গোল করান মেসি। অতিরিক্ত সময়ে তার আরেকটি প্রতি-আক্রমণাত্মক পাস থেকে গোল করে জয় নিশ্চিত করেন তাদেও আলেন্দে। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে মেসির হাতে। মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘চ্যাম্পিয়ন হতে ভাগ্যেরও দরকার হয়।’

৩৮ বছর বয়সেও দাপট কমেনি মেসির। এবারের মৌসুমে তিনি লিগ–সর্বোচ্চ ২৯ গোল এবং সর্বোচ্চ ১৯ অ্যাসিস্ট করে টানা দ্বিতীয়বারের মতো মৌসুমসেরা (MVP) নির্বাচিত হন। শুধু প্লে-অফেই তার গোল ৬টি, অ্যাসিস্ট ৯টি। মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘সে অসাধারণ মৌসুম কাটিয়েছে। দলকে শিরোপা জেতাতে শেষ কয়েক ম্যাচে অবিশ্বাস্য ত্যাগ করেছে।’

মায়ামি এবারের প্লে-অফে দারুণ ছন্দে ছিল। আগের তিনটি হোম ম্যাচে ১২ গোল করে ফাইনালে ওঠে তারা। ফাইনালের শুরুতেও ছিল আর্জেন্টাইন জাদু। মেসি, ডি পল, আলেন্দে ও সিলভেত্তির সমন্বয়ে ওঠা আক্রমণ থেকে প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে বল লেগে জালে জড়ায়। দ্বিতীয়ার্ধের শুরুতে হোয়াইটক্যাপস আক্রমণে ধার বাড়ায়। এক পর্যায়ে তারা ম্যাচে ১–১ সমতা ফেরায়। পরপর দুইবার পোস্টে লেগে বেঁচে যায় মায়ামি।

চাপের মুহূর্তে প্রতিপক্ষের ভুল কাজে লাগিয়ে বল দখল করেন মেসি, আর সেই মুহূর্তটি কাজে লাগিয়ে ডি পল দ্বিতীয় গোল করেন। শেষদিকে আলেন্দেকে দুর্দান্ত থ্রু পাস দিয়ে মেসি নিশ্চিত করেন দলের ইতিহাসের প্রথম এমএলএস কাপ। এই শিরোপা মেসির ক্যারিয়ারের ৪৬তম ট্রফি—যা তার অবিশ্বাস্য সব অর্জনের মাঝে আরও একটি নতুন সংযোজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত