ঝিনাইদহ সদর উপজেলার বেদাই গ্রামে গাছ বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কুড়ালের কোপে সোহেল হোসেন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ভাই জুয়েল রানা পলাতক রয়েছেন।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার বেতাই পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল হোসেন একই গ্রামের মো. শফিউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিযুক্ত জুয়েল রানা প্রবাসী। কয়েক মাস আগে তিনি দেশে ফিরেছেন। সম্প্রতি বড় ভাই সোহেল হোসেনের সঙ্গে তার টাকা পয়সা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে রবিবার সকালে পৈত্রিক গাছ বিক্রির টাকার ভাগ বাটোয়ারা নিয়ে দুই ভাই বিরোধে জড়িয়ে পড়ে। সকালে বিরোধের একপর্যায়ে বড় ভাই সোহেল হোসেনের বটির আঘাতে ছোট ভাই জুয়েল রানা আহত হন। পরে দুপুরে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই জুয়েল রানা ধারালো কুড়াল দিয়ে সোহেল হোসেনের বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ ঘটনার পরে অভিযুক্ত জুয়েল রানা বাড়ি থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) জহিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নতুন পরিবারে পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইন-আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।