‘আমি এক হতভাগি, বাচ্চাটাকে কেউ নিয়ে যাবেন, নবজাতকের পাশে চিরকুট ও ওষুধ রেখে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিয়ে যাওয়া শিশুটিকে নিঃসন্তান এক দম্পতির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। শিশুটির ঠিকানা হয়েছে নওগাঁ জেলার এনায়েতপুর এলাকার এক নিঃসন্তান দম্পতির কাছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিয়ে যাওয়ার এক মাস পর গত শনিবার রাতে শিশুটিকে হস্তান্তর করা হলো।
শিশুটিকে ওই দম্পতির কোলে তুলে দেওয়ার আগে সার্বিক বিষয় তুলে ধরে শিশুটির চিকিৎসার দায়িত্বে থাকা অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম বলেন, গত ৬ নভেম্বর এক মহিলা বাজারের ব্যাগে নবজাতককে চিকিৎসার জন্য নিয়ে আসেন এবং তার মাকে ডেকে আনার কথা বলে মহিলাটি পালিয়ে যান। আমরা নবজাতকের সঙ্গে একটি চিরকুট পাই। তাতে লেখা রয়েছে শিশুটি মুসলিম। বিশেষ কারণে ফেলে গেলাম। কাউকে লালন-পালন করতে দেবেন মানুষ করার জন্য। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অরবিন্দ শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে সুচিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অনুরোধ করে চিঠি দেওয়া হয়। তারা শিশুটিকে সুস্থ করে তোলে। ইতিমধ্যে শিশুটির লালন-পালন ও পরিচর্যার জন্য ১৫টি আবেদন জমা পড়ে। আবেদনগুলো যাচাই-বাছাই করে ১১ নভেম্বর উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভায় শিশুটিকে নওগাঁর এনায়েতপুর (শান্তাহার) এলাকার এক নিঃসন্তান দম্পতির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়।
হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব গোলাম আজম ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম, অরবিন্দ শিশু হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি আব্দুস সামাদ, সহসভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. শামীম কবিরসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।