সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে

“প্রান্তিক পর্যায়ে সব ধরনের সরকারি সেবা পৌঁছে দেওয়া হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন বদ্ধপরিকর।”

চট্টগ্রামের পটিয়ায় সোমবার (৮ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা ও জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আরো বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য মাঠ পর্যায়ে প্রশাসন পুরোপুরি তৎপর থাকবে। 

এ সময় উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের উদ্যোগে মোট ৪৫ জন উপকারভোগীর মাঝে আর্থিক অনুদান, ভাতা, পুনর্বাসন সহায়তা ও উপকরণ বিতরণ করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের হঠাৎ দুর্ঘটনা তহবিল থেকে ৫ জনের হাতে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। পাশাপাশি উপকারভোগীদের স্মার্ট নাগরিক কার্ড প্রদান করা হয়। বন্যা পুনর্বাসন কর্মসূচির আওতায় ১০ জন পরিবারকে পুনর্বাসন সহায়তা দেওয়া হয়। সমাজসেবার নিয়মিত কার্যক্রমের আওতায় ৫০ জন উপকারভোগীর মাঝে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষাবৃত্তির চেক ও উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ৫ জন বিশেষ সহায়তা পান। এ ছাড়া সরকারি শিশুপারিবার (বালক), পটিয়ার ২৪ জন শিশুর মাঝে ক্রীড়া সামগ্রী, পোশাক, শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।