কর্মশালায় বক্তারা

পুঁজিবাজারের স্বচ্ছতায় এআই গুরুত্বপূর্ণ

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির সঠিক ব্যবহার পুঁজিবাজারে তথ্যের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ।

গতকাল সোমবার বিআইসিএমের মাল্টিপারপাস হলে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টেস ফোরামের (সিএমজেএফ) সদস্যদের জন্য আয়োজিত ‘এআই এসেন্সিয়াল ফর ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন বিআইসিএম-এর প্রভাষক ইমরান মাহমুদ ও গৌরব রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু আলী। সেশনটি সঞ্চালনা করেন বিআইসিএমের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন। সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া বলেন, ‘বর্তমান সময়ে এআই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। শেয়ারবাজারের জন্যও এটি গুরুত্বপূর্ণ। বিষয়টি বিবেচনা করে সিএমজেএফ এর সদস্যদের জন্য এআইয়ের ওপর এ প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজন করা হয়েছে।’