গাজীপুর মহানগরীর টঙ্গীতে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তাহীনতায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। ছিনতাইয়ের প্রতিবাদে গতকাল সোমবার সকাল ১১টায় টঙ্গী পূর্ব থানা ফটকের সামনে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এলাকাবাসী। একপর্যায়ে বিক্ষুদ্ধরা মিছিল নিয়ে প্রায় এক ঘণ্টা টঙ্গী পূর্ব থানা ঘেরাও করে রাখে।
মানববন্ধনে অংশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী জানায়, টঙ্গীতে প্রতিদিনই ছিনতাই, চুরিসহ নানা অপরাধমূলক কর্মকা- ঘটছে। মাজারসহ বেশ কিছু বস্তি পরিণত হয়েছে অপরাধীদের নিরাপদ আশ্রয়ের। সেখানে প্রকাশ্যে মাদকব্যবসা চলছে। আর এই মাদকের টাকা জোগাড় করতে ছিনতাইয়ের মতো অপরাধ ঘটছে। এ ছাড়া অরক্ষিত বিআরটি ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারাচ্ছেন পথচারীরা। এতে জনমনে আতঙ্ক বিরাজ করছে।
অবিলম্বে বস্তিগুলোতে যৌথ বাহিনীর অভিযান, সিসিটিভি ক্যামেরা, সড়কবাতি স্থাপনসহ গ্রেপ্তার হওয়া আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা টঙ্গী পূর্ব থানা ঘেরাও করে রাখেন। এ সময় তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সেøাগান দিতে থাকেন। পরে পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহার করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
এর আগে গত শনিবার বাসা থেকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে টঙ্গীর বাটাগেইট এলাকায় বিআরটি ফ্লাইওভারে ছুরিকাঘাতে নিহত হন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সিদ্দিকুর রহমান। এ ছাড়া প্রতিনিয়তই টঙ্গীতে ছিনতাইয়ের ঘটনায় সাধারণ নাগরিকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।