অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে মাঠে ফিরছেন। ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে মাঠে নামবে অস্ট্রেলিয়া, যেখানে ড্র করলেই তারা ঘরের মাঠে অ্যাশেজ ধরে রাখবে। কামিন্স ফেরার সুখবরের সাথে একটা দুঃসংবাদও আছে অজিদের জন্য। ইনজুরি আক্রান্ত পেস তারকা জশ হ্যাজলউড পুরো অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেছেন।
৩৪ বছর বয়সী হ্যাজলউড প্রথম দুই টেস্ট খেলতে পারেননি হ্যামস্ট্রিং চোটে। নতুন করে অ্যাকিলিস সমস্যায় পড়ায় তাকে সিরিজ থেকেই বিদায় নিতে হলো। এখন তার মূল লক্ষ্য ফেব্রুয়ারি–মার্চে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফিট হওয়া। অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘হ্যাজলউডের জন্য সত্যিই খারাপ লাগছে। আমরা আশা করেছিলাম সিরিজে সে বড় ভূমিকা রাখবে। কিন্তু দুটি অপ্রত্যাশিত চোট সেই সুযোগ কেড়ে নিল।’
অন্যদিকে, পিঠের ইনজুরির কারণে দীর্ঘদিন বাইরে থাকা ৩২ বছর বয়সী প্যাট কামিন্সের ব্রিসবেন টেস্টে খেলার কথা ছিল। কিন্তু ঝুঁকি না নিয়ে তাকে বিশ্রামে রাখা হয়। শেষ পর্যন্ত অ্যাডিলেডে তাকে দলে ফেরানো হচ্ছে। এতে স্টিভ স্মিথের কাছ থেকে নেতৃত্বও ফিরছে তার হাতে। ম্যাকডোনাল্ড জানান, ‘কামিন্স প্রায় ম্যাচ পরিস্থিতিতে বোলিং অনুশীলন করেছে। তার শরীর এখন ফিট। আমরা বিশ্বাস করি সে অ্যাডিলেডে ফিরতে পুরোপুরি প্রস্তুত।’
এদিকে প্রথম দুই টেস্টে বল হাতে আগুন ঝরানো মিচেল স্টার্কের হালকা সাইড স্ট্রেইন থাকলেও তা গুরুতর নয় বলে নিশ্চিত করেছেন কোচ ম্যাকডোনাল্ড। পিঠের ব্যথায় ব্রিসবেন টেস্টে খেলতে না পারা উসমান খাওয়াজাও অ্যাডিলেড টেস্টে ফিরতে পারেন। তবে ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ড ওপেনিংয়ে ধারাবাহিকতা দেখানোয় খাওয়াজাকে মিডল-অর্ডারে খেলানোরও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।