উরুগুয়ের ফুটবলে তুমুল আলোচনার জন্ম দিলেন লুইস সুয়ারেজ। সম্প্রতি এই সুপারস্টার বলেছেন যে, জাতীয় দলের জার্সিতে থাকা চারটি তারকার মধ্যে তিনি কেবল দুটিকেই সঠিক মনে করেন। বাকি দুটি ১৯২৪ ও ১৯২৮ অলিম্পিকে পাওয়া শিরোপাকে তিনি বিশ্বকাপ সমতুল্য মনে করেন না।
সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর হুয়ান দে মন্ট্রিয়ালের সঙ্গে আলাপচারিতায় সুয়ারেজ বলেন, ‘আমাদের বিশ্বকাপ দুইটা। আরও দুইটা তারা দিয়েছে, কিন্তু আমি এগুলো গণনা করি না।’ এসময় তিনি আরও বলেন, ‘আর্জেন্টিনার বিশ্বকাপ উরুগুয়ের চেয়ে বেশি।’
সুয়ারেজের এই মন্তব্যে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। কারণ উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ) দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, ১৯২৪ প্যারিস ও ১৯২৮ আমস্টারডাম অলিম্পিক শিরোপা ছিল বিশ্বকাপের আগে বিশ্বচ্যাম্পিয়নশিপের সমতুল্য। সে কারণেই তারা ২০২০ সাল থেকে জার্সিতে চারটি তারা ব্যবহার করছে। তবে ফিফা কখনোই এই দুই অলিম্পিক জয়কে বিশ্বকাপ হিসেবে স্বীকৃতি দেয়নি।
ফিফার সর্বশেষ তথ্য অনুযায়ী- ব্রাজিলের ৫টি, জার্মানি ও ইতালির ৪টি, আর্জেন্টিনার ৩টি এবং উরুগুয়ের ২টি বিশ্বকাপ আছে। ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া লুইস সুয়ারেজ এখনো ক্লাব ফুটবলে সক্রিয়। তবে ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের ইন্টার মায়ামি ছাড়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এমএলএস প্লে-অফে সময় কম পাওয়ায় হতাশ হয়েছেন তিনি। চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি মৌসুম শেষে।
ইন্টার মায়ামির জার্সিতে তিনি এখন পর্যন্ত ৮৭ ম্যাচে ৪২ গোল করেছেন। আগামী জানুয়ারির শেষে ৩৯ বছরে পা দেওয়া সুয়ারেজ এখন ভাবছেন—যুক্তরাষ্ট্রে খেলবেন নাকি ক্যারিয়ারের শেষ প্রান্তে ফিরে যাবেন নিজ দেশের জায়ান্ট ক্লাব নাসিওনালে। এখান থেকেই তার ফুটবল যাত্রার শুরু হয়েছিল। নাসিওনালের ভাইস-প্রেসিডেন্ট ফ্লাভিও পারচমান বলেছেন, ‘সে মায়ামিতে থাকবে কি না, সেটা জানার অপেক্ষায় আছি। তার সিদ্ধান্ত পেলেই পরবর্তী পদক্ষেপ নেব।’