নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাদল নামের এক ব্যবসায়ীর ওপর হামলা ও গুলিবর্ষণ করা হয়েছে। গুলিবিদ্ধ ব্যবসায়ী বাদল বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছে। গত সোমবার রাতে উপজেলার মীর গদাই ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী বাদলের কাছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী টেডা ইকবাল, কালাই সবুজ, রনি, রানা, মোমেন ও তার অনুসারীরা বেশ কিছুদিন ধরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। গত সোমবার সন্ধ্যায় টেডা ইকবাল তার দলবল নিয়ে বাদলের ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে পূর্বনির্ধারিত চাঁদার টাকা দাবি করে। ব্যবসায়ী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে একপর্যায়ে সন্ত্রাসী টেডা ইকবাল বাদলকে লক্ষ্য করে গুলি চালায়। বাদল মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।