নারায়ণগঞ্জে যানজট, মাদক, সন্ত্রাস, ছিনতাই প্রতিরোধসহ নানা সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন বিকেএমইএ এবং চেম্বার অব কমার্সসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সঙ্গে মতবিনিময় সভায় তারা এই দাবি জানান।
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘বর্তমানে নারায়ণগঞ্জ শহরে যানজটের কারণে হাঁটার কোনো উপায় নেই। আমরা আগে কখনো এত ভোগান্তির মধ্যে ছিলাম না, বর্তমানে যে পরিমাণ ভোগান্তির শিকার হতে হচ্ছে। মাদক ছড়িয়ে গেছে। ছিনতাই বেড়েছে। এগুলো দমন করতে হবে।’
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ‘আমরা সৌজন্যতামূলক আলোচনা করেছি। যানজট, মাদক, কিশোর গ্যাংসহ সব সমস্যা নিয়েই কাজ করছি। সবার সহযোগিতা নিয়েই আমরা কাজ করব।’