ইউরোপ অবক্ষয়ের পথে: ট্রাম্পের তীর্যক মন্তব্য

ইউরোপ ও ইউক্রেনকে লক্ষ্য করে কঠোর মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৯ ডিসেম্বর) পলিটিকো-তে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি ইউরোপীয় দেশগুলোকে অবক্ষয়গ্রস্ত উল্লেখ করে অভিবাসন নীতি ও ইউক্রেন যুদ্ধ মোকাবিলায় তাদের ভূমিকা দুর্বল বলে আখ্যা দেন।

ট্রাম্প বলেন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড ও সুইডেনসহ বেশ কয়েকটি দেশ অভিবাসনের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি লন্ডনের মুসলিম মেয়র সাদিক খানকেও নতুন করে আক্রমণ করেন। নতুন মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে রাশিয়ার ইতিবাচক মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন,'ইউরোপ দুর্বল হওয়ায় ভ্লাদিমির পুতিন সুবিধা পাচ্ছেন,এটি তার সঙ্গে সম্পর্কিত নয়।'

ইউক্রেন প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, রাশিয়ার আক্রমণের মধ্যেই দেশটিতে নির্বাচন হওয়া উচিত। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অধীনে ইউক্রেন কতটা গণতান্ত্রিক সেটি নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তিনি আরও ইঙ্গিত দেন যে যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র যে খসড়া পরিকল্পনা দিয়েছে, তা রাশিয়াকে বাড়তি সুবিধা দিচ্ছে এবং পরিস্থিতি অব্যাহত থাকলে ওয়াশিংটন শেষ পর্যন্ত পিছু হটতে পারে। 

সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাধানে ট্রাম্পের উদ্যোগ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর টানাপোড়েন বাড়ছে। ইউরোপীয় নেতাদের আশঙ্কা, ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে ইউক্রেনকে মস্কোর কাছে ভূখণ্ড ছাড়তে বাধ্য করা হতে পারে।