বিএনপি প্রার্থীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, থানায় জিডি

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের বিএনপির প্রার্থী মোশারফ হোসেনের ছবি এআইয়ের মাধ্যমে অশ্লীলভাবে তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সোয়া কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত সোমবার রাতে তার পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন। গত মঙ্গলবার রাতে সদর থানার এসআই মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করেন।

বগুড়া সদর থানায় করা জিডি সূত্রে জানা যায়, মোশারফ হোসেনের সুনাম ক্ষুণœ করার জন্য অজ্ঞাতনামা কয়েক ব্যক্তি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন অপপ্রচার করে বেড়াচ্ছে। এর ধারাবাহিকতায় সোমবার সকালে বগুড়া সদর থানার উপশহরে তার নিজ বাসায় অবস্থানকালে নিজ নামে ব্যবহৃত হোয়াটসঅ্যাপে অজ্ঞাতনামা বিদেশি নম্বর থেকে বার্তা প্রদানের মাধ্যমে অনৈতিক সুবিধা দাবি করা হয়। অন্যথায় অজ্ঞাতনামা ব্যক্তিরা এআইয়ের মাধ্যমে তার বিভিন্ন ধরনের অশ্লীল ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করার হুমকি দেয়।

এ বিষয়ে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, ‘নির্বাচন সামনে রেখে একের পর এক নানামুখী ষড়যন্ত্র মোকাবিলা করতে হচ্ছে। ধানের শীষের পক্ষে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অভাবনীয় সাড়া দেখে ভীত হয়ে ভোটারদের বিভ্রান্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অপতথ্য ছড়াচ্ছে। সর্বশেষ এআই ব্যবহার করে নারীর সঙ্গে আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি দিয়ে সোয়া কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে। আমাকে সামাজিকভাবে হেয় করতে এবং ভোটারদের বিভ্রান্ত করতেই ষড়যন্ত্রকারীরা নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে।’