মাদারীপুর শহরের বাবু চৌধুরী ক্লিনিকের শৌচাগার থেকে উদ্ধার হওয়া নবজাতককে দত্তক নিয়েছে এক নিঃসন্তান দম্পতি। ৩৫টি আবেদন যাচাই-বাছাই শেষে আদালতের নির্দেশে সাড়ে তিন লাখ টাকা বন্ড ও কয়েকটি শর্তে শিশুটিকে সিঙ্গাপুরপ্রবাসী নাদিম আকন ও সাদিয়া আক্তারের হাতে তুলে দেওয়া হয়। সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, দুই মাস পর পর শিশুটির শারীরিক অবস্থার প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।
এর আগে গত ২ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে শহরের লেকের দক্ষিণপাড়ের বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী সাথী বেগম বাথরুমের ভেতর রক্তাক্ত অবস্থায় এক নবজাতককে দেখতে পায়। পরে শিশুটিকে উদ্ধার করে ভর্তি করা হয় ২৫০ শয্যা জেলা হাসপাতালে। থানায় সাধারণ ডায়েরি করে সমাজসেবা অধিদপ্তর। এরই প্রেক্ষিতে শিশুটিকে দত্তক নিতে ভিড় করেন অনেকেই। মাদারীপুর সমাজসেবা অধিদপ্তর প্রবেশন অফিসার শেখ নাহিয়ান ওয়াহিদ বলেন, ‘উদ্ধার হওয়া নবজাতককে আদালতের মাধ্যমে দত্তক হিসেবে দেওয়া হয়েছে এক নিঃসন্তান দম্পতিকে।’