চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ

পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে শিশু নিখোঁজ

রাজশাহীর তানোর উপজেলায় একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে আটকে থাকা দুই বছর বয়সী শিশু সাজিদকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দিনরাত কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল পর্যন্ত উদ্ধার অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

গতকাল বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তানোর উপজেলার পচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু সাজিদ তার মায়ের সঙ্গে কাটা ধানের খেতে হাঁটছিল। হঠাৎ সে পরিত্যক্ত গভীর গর্তে পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর গভীর নলকূপ বসানোর জন্য খোঁড়া প্রায় ৩০-৩৫ ফুট গভীর এ গর্তটি পরে ভরাট করা হলেও বর্ষার সময় মাটি বসে যাওয়ায় আবারও বড় গর্তের সৃষ্টি হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও প্রশাসনকে খবর দেওয়া হলে বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। এরই মধ্যে তিনটি এক্সক্যাভেটর দিয়ে মূল গর্তের পাশে প্রায় ৪০ ফুট গভীর একটি সমান্তরাল গর্ত খোঁড়ে প্রাথমিক কাজ সম্পন্ন করা হয়েছে। বর্তমানে মূল গর্তের দিকে টানেলের মতো পথ তৈরির কাজ চলছে।

ফায়ার সার্ভিস রাজশাহী বিভাগের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা শিশুটিকে জীবিত উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম মজুত আছে।’

ঘটনাস্থলে হাজার হাজার উৎসুক জনতার ভিড়ের কারণে কিছুটা সময় উদ্ধারকাজে ব্যাঘাত ঘটলেও প্রশাসন ও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও জীবন রক্ষাকারী যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, তানোর অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ায় গভীর নলকূপ খননে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও কিছু ব্যক্তি গোপনে গর্ত খুঁড়ে থাকেন, যা এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

শিশু সাজিদের পরিবার ও পুরো এলাকাবাসী তার জীবিত উদ্ধারের জন্য মন থেকে দোয়া করছেন। উদ্ধার অভিযান এখনও পুরোদমে চলছে।