অস্ট্রেলিয়ান গ্রেড ক্রিকেটের টি২০ ডিভিশন ওয়ানে রেকর্ড বই কাঁপানো ইনিংস খেলেছেন স্কট এডওয়ার্ডস। ভিক্টোরিয়ার আলটোনা স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে উইলিয়ামস ল্যান্ডিংয়ের বিপক্ষে ক্লেঞ্জো গ্রুপ শিল্ডের চতুর্থ রাউন্ডে ওপেনিংয়ে নেমে মাত্র ৮১ বলে অপরাজিত ২২৯ রান করেন নেদারল্যান্ডস অধিনায়ক।
ইনিংসের প্রথম ওভারে ১১ রান তোলার পর চতুর্থ ওভারে এসে পুরো দমে আক্রমণ শুরু করেন এডওয়ার্ডস। প্রিন্স চৌহানের এক ওভার থেকেই তিনটি বাউন্ডারি মারেন। মাত্র ২৩ বলেই টানা দুটি ছক্কায় পৌঁছে যান অর্ধশতকে।
১০ ওভার শেষে তিনি সেঞ্চুরি খুব কাছে পৌঁছে যান। এ সময় আউট হয়ে যান তার সঙ্গী ল্যাকলান ব্যাংস, যিনি আগে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলেছেন। দুজনের উদ্বোধনী জুটিতে ১১তম ওভারেই আলটোনার রান উঠে যায় ১৫০। ব্যাংস আউট হওয়ার তিন বল পর এক রান নিয়ে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন এডওয়ার্ডস। তবে প্রথম গ্রেড ক্রিকেটকে অফিসিয়াল টি২০ ধরা না হওয়ায় এটি তার ক্যারিয়ারের প্রথম টি২০ সেঞ্চুরি হিসেবে গণ্য হবে না।
এরপর আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন ডানহাতি এই ওপেনার। ১৭তম ওভারে পৌঁছান ১৫০ রানে। ইনিংসের শেষ চার ওভারে মারেন ১৪টি বাউন্ডারি, যার মধ্যে ১২টিই ছক্কা। ১৬ ওভার শেষে দলীয় রান ছিল ২১২। শেষ পর্যন্ত ২০ ওভারে আলটোনার সংগ্রহ দাঁড়ায় ৩০৪–২। এডওয়ার্ডস অপরাজিত থাকেন ২২৯ রানে, ৮১ বলের বিস্ফোরক ইনিংসটি সাজান ১৪ চার ও ২৩ ছক্কায়। তার স্ট্রাইক রেট ২৮২.৭১।
অফিসিয়াল টি২০ না হলেও এডওয়ার্ডসের এই ইনিংস ক্রিস গেইলের ২০১৩ সালে করা অপরাজিত ১৭৫ রানের রেকর্ডকে অনেক পেছনে ফেলত। তার অফিসিয়াল টি২০ সর্বোচ্চ স্কোর এখনো ৯৯; কোনো ফরম্যাটেই এখনো সেঞ্চুরি নেই তার।
৩১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উইলিয়ামস ল্যান্ডিং গুটিয়ে যায় ১১৮ রানে। একাই এডওয়ার্ডসের অর্ধেকের চেয়েও কম। ফলে ১৮৬ রানে বড় জয় পায় আলটোনা। ডিভিশন ওয়ান ক্লেঞ্জো গ্রুপ শিল্ডের পয়েন্ট টেবিলে আলটোনা আছে দ্বিতীয় স্থানে, আর উইলিয়ামস ল্যান্ডিং ছয় দলের লিগে চতুর্থ স্থানে।