টস করতে নেমেই বিশ্বরেকর্ড সূর্যবংশীর

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩১ পিএম

পনেরোর বছর বয়সেই ক্রিকেট বিশ্বের বড় বড় রেকর্ড নিজের নামের পাশে যোগ করে চলেছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। তারই ধারাবাহিকতায় আজ শনিবার ইন্দোরের হলকার স্টেডিয়ামে সৈয়দ মুশতাক আলী ট্রফির উদ্বোধনী ম্যাচে বিহারের জার্সিতে টস করতে নেমেই নতুন এক ইতিহাস গড়েছেন এই কিশোর। মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সে পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার গৌরব অর্জন করলেন তিনি।

বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের ঘোষিত ১৭ সদস্যের স্কোয়াডে আসরের প্রথম দুই ম্যাচের জন্য নেতৃত্ব পান সূর্যবংশী। সৌরাষ্ট্রের বিপক্ষে এই ম্যাচে মাঠে নেমে তিনি পেছনে ফেলে দিয়েছেন ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের আগের রেকর্ডটিকে। গত বছর ১৭ বছর ৩১১ দিন বয়সে জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে এই বিশ্ব রেকর্ড গড়েছিলেন ভুকুসিচ। সেই রেকর্ড ভেঙে এবার ক্রিকেট বিশ্বে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন তিনি।

তবে চলতি মৌসুমে বৈভবের কাঁধে নেতৃত্বের দায়িত্ব আসার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২৬-২৭ মৌসুমের দুলীপ ট্রফিতে ইস্ট জোনের সহ-অধিনায়ক হিসেবে ইশান কিষাণের ডেপুটি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। এমনকি সেন্ট্রাল জোনের বিপক্ষে ম্যাচের মাঝপথে নিয়মিত অধিনায়ক চোট পেলে দলের ভার সামলাতে হয়েছিল তাঁকে; যার সুবাদে প্রথম শ্রেণির ক্রিকেটেও সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার রেকর্ডটি আগেই নিজের ঝুলিতে পুরেছিলেন এই ব্যাটার।

সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড সফরে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে দুটি ম্যাচ খেলার পাশাপাশি বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটেও একের পর এক চমক দেখিয়ে চলেছেন সূর্যবংশী। এর আগে মহারাষ্ট্রের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরি করে সৈয়দ মুশতাক আলী ট্রফির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার পাশাপাশি আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৩৫ বলে শতক হাঁকিয়ে টি-টোয়েন্টি ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার কীর্তিও গড়েছিলেন তিনি।

সৌরাষ্ট্রের বিপক্ষে আজ ব্যাট হাতে বড় কিছু করতে না পারলেও (মাত্র ১৮ রান করে আউট) টস করতে নামার মাধ্যমেই ক্রিকেট ইতিহাসের নিজেকে অনন্য এক স্থানে নিয়ে গেলেন বৈভব। 

সর্বশেষ সর্বাধিক পঠিত