দিনাজপুরে ভোজনরসিকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে রান্না করা গরুর মাংস। প্রতি শুক্রবার জেলা সদরের বিভিন্ন মোড়ে বিখ্যাত বাবুর্চিরা রান্না করা গরুর মাংসের ডেগ নিয়ে বসছেন। কাঁচা ও রান্না করা গরুর মাংসের দাম প্রায় একই থাকায় রান্না করা গরুর মাংস কিনতে অস্থায়ী দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। গরুর মাংসের পাশাপাশি এই অস্থায়ী দোকানগুলোতে কেজি দরে মিলছে মুরগির রোস্ট ও পোলাও।
জানা গেছে, সম্প্রতি সেতাবগঞ্জে এক বাবুর্চি প্রতি শুক্রবার রান্না করা গরুর মাংস ৮০০ কেজি দরে বিক্রি শুরু করেন। তাকে দেখে বর্তমানে দিনাজপুর জেলা সদরে ১০ থেকে ১২টি স্থানে বিখ্যাত বাবুর্চিরা রান্না করা গরুর মাংস বিক্রি শুরু করেছেন।
গতকাল সকাল সাড়ে ৭টা থেকে শহরের ছয় রাস্তা মোড়, স্টাফ কোয়ার্টার মোড়, রামনগর মোড়, লালবাগ মোড়, বাহাদুর বাজার মোড়, লিলি মোড়, বালুয়াডাঙ্গা মোড়, বালুবাড়ী শাহী মসজিদ মোড়, কুয়েতি মসজিদ মোড়, সুইহারী মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বাবুর্চিরা রান্না করা গরুর মাংস বিক্রি করতে বসেছেন। রান্না করা গরুর মাংস ৮০০ টাকা কেজি, রান্না করা মুরগির রোস্ট ৫৫০ টাকা কেজি ও রান্না করা পোলাও ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে কাঁচা মাংসের দাম ও রান্না করা মাংসের দাম প্রায় একই হওয়ায় অস্থায়ী দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। অনেকে আবার লাইন ধরে গরুর মাংস কিনছেন।
দিনাজপুর শহরের ছয় রাস্তা মোড়ে মাংস কিনতে আসেন রবিউল ইসলাম। তিনি বলেন, ‘বর্তমানে বাজারে কাঁচা গরুর মাংস ৭২০ টাকা থেকে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা মাংস কেনার থেকে ৫০ টাকা বেশি দিয়ে রান্না করা মাংস পাওয়া যাচ্ছে। পাশাপাশি বিখ্যাত বাবুর্চিদের হাতে রান্না করা মাংসে বিয়েবাড়ির খাবারের স্বাদ পাওয়া যায়। এ কারণে আমি দেড় কেজি মাংস কিনেছি।’
অপর ক্রেতা নাহিদ ইসলাম বলেন, ‘রান্না করা গরুর মাংস ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শুনে মোবাইলে অর্ডার করেছিলাম। এখন নিয়ে যাচ্ছি। ঠিক বুঝতে পারছি না লাভ হবে, নাকি লোকসান হবে। কারণ শুধু তো মাংস নয়; তেল, মসলা, পানি আছে। তাদের পরিশ্রম ও জ্বালানি আছে সব মিলিয়ে হিসাবটা মেলাতে হবে। তবে ধারণাটা সুন্দর।’
আরেক ক্রেতা মঈনুল হক বলেন, ‘বাজারে কাঁচা মাংস নিলে হাড় ও চর্বির পরিমাণ বেশি থাকে। রান্না করা মাংস নিলে এতে হাড় ও চর্বির পরিমাণ কম থাকে। এ মাংসের আরেকটি ব্যাপার হচ্ছে, এতে ভিন্ন স্বাদ পাওয়া যায়। তাই আমি রান্না করা মাংস নিতে এসেছি।’
নিউটাউন স্টাফ কোয়ার্টার মোড়ে রান্না করা গরুর মাংস বিক্রির উদ্যোক্তা আরমান হোসেন। তিনি জানান, আজ দিয়ে চতুর্থ শুক্রবারের মতো রান্না করা মাংস বিক্রি করছেন। প্রথম শুক্রবার আধা মণ মাংস রান্না করেছিলেন। পরে সাড়া পাওয়ায় পাঁচ মণ করে রান্না করেছেন। পরিবারের লোকজন সবাই মিলে এ কাজ করছেন।
ছয় রাস্তা মোড়ের দিনাজপুরের বিখ্যাত বাবুর্চি ভাদু বাবুর্চি, আলম বাবুর্চিসহ তিনজন যৌথভাবে মাংস বিক্রি করছেন। আলম বাবুর্চি বলেন, ৩ মণ গরুর মাংস, ২০ কেজি মুরগির রোস্ট ও ২০ কেজি পোলাওয়ের চাল রান্না করেছেন। সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়েছে। প্রথম শুক্রবার যথেষ্ট সাড়া পেয়েছেন। আজও অনেক সাড়া পাচ্ছেন। অনেকে মোবাইলে বুকিং দিচ্ছেন। এভাবে বিক্রি করে ভালোই লাভ হচ্ছে। পাশাপাশি ক্রেতারা বিয়েবাড়ির স্বাদ নিতে পারছেন। তারা এই কার্যক্রম চালু রাখবেন বলে জানান।