গাকৃবিতে আন্তর্জাতিক সেমিনার

সম্মিলিত প্রয়াসই ক্ষুধামুক্ত পৃথিবী গড়ে তুলতে পারে

টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বিশ্বব্যাপী গবেষণা, অভিজ্ঞতা ও উদ্ভাবনের সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘রিজেনারেটিভ অ্যাগ্রিকালচার ফর সাসটেইনেবল ফুড সিকিউরিটি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। সেমিনারে বক্তারা বলেছেন, সবার সম্মিলিত প্রয়াসই টেকসই, ক্ষুধামুক্ত ও সমৃদ্ধ পৃথিবী গড়ে তুলতে পারে।

রিজেনারেটিভ কৃষি ও আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার মাধ্যমে টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বৈশ্বিক পথনকশা তৈরি করাই হচ্ছে এ সম্মেলনের উদ্দেশ্য।

গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে সম্মেলনের প্রথম দিনের উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন গাকৃবির ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন সুইজারল্যান্ডের এগ্রোস্কোপের প্রধান ড. স্টিফেন মান।

সম্মেলনে গাকৃবির প্রো-ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টর, রেজিস্ট্রেশনকারী শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন দেশের বিজ্ঞানী, পাকিস্তান, ইথিওপিয়া, সুইজারল্যান্ড, নাইজেরিয়া থেকে আসা গবেষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ১ হাজার ২০০ নিবন্ধিত গবেষক উপস্থিত ছিলেন।

সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ স্বাগত বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তানের ইসলামিয়া ইউনিভার্সিটি অব ভাওয়ালপুর থেকে আসা গবেষক প্রফেসর ড. ওয়াজিদ নাসিম যাতই।

সভাপতির বক্তব্যে ভিসি বলেন, ‘মাটিকে বাঁচানো, কৃষিকে পুনরুজ্জীবিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দেওয়া আমাদের মহান দায়িত্ব। তাই এ সম্মেলন শুধু জ্ঞান বিনিময়ের আয়োজন নয়, বরং বৈশ্বিক সহযোগিতা ও মানবিক দায়িত্ববোধের এক অনন্য সেতুবন্ধ। দেশ ও দেশের বাইরের নানা প্রান্ত থেকে আপনাদের অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বিশ্বাস করে সম্মিলিত প্রয়াসই একটি টেকসই, ক্ষুধামুক্ত ও সমৃদ্ধ পৃথিবী গড়ে তুলতে পারে।’