নির্বাচনী তফসিলের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

চট্টগ্রামে পৃথক জায়গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বিরুদ্ধে মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কিছু নেতা–কর্মী। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে করা ওই মিছিলের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দুটি ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের ১০ থেকে ১২ নেতা–কর্মী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, আজ সকালে নগরের ২ নম্বর গেট থেকে প্রবর্তক মোড়ে যাওয়ার পথে মিছিল করে ছাত্রলীগ। মিছিলে যারা ছিলেন, তাদের আটক করতে অভিযান চলছে। অন্যদিকে বন্দর থানাধীন একটি এলাকায়ও আজ সকালে মিছিল হয়েছে। 

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ বলেন, কোন এলাকায় মিছিল হয়েছে, তা  শনাক্ত করার চেষ্টা চলছে। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১০ ডিসেম্বর নগরের কোতোয়াালি থানার সিআরবি এলাকায়ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল হয়। গত ২৯ নভেম্বরও নগরের চটেশ্বরী সড়ক এলাকায় মিছিল হয়েছে। মিছিল চলাকালে দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ঘটনার তথ্য গোপন করার অভিযোগে চকবাজার থানার চার পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।