ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও সীমান্ত অতিক্রম ঠেকাতে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকের ৩টায় দিনাজপুর ৪২ বিজিবির পরিচালক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর ওপর সংঘটিত হামলার প্রেক্ষিতে সংশ্লিষ্ট সন্ত্রাসীরা যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে সে উদ্দেশ্যে শুক্রবার সন্ধ্যা থেকে ৪২ বিজিবি কর্তৃক সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তজুড়ে কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সীমান্তবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম অব্যাহত রয়েছে।
শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। চলন্ত রিকশায় থাকা অবস্থাতেই মোটরসাইকেলের পেছনে বসা আততায়ী তাকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মস্তিস্কে একটি অস্ত্রপচার শেষে খুলি খুলে রেখে তাকে পাঠানো হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে।