রপ্তানি বাজারে বাংলাদেশকে পাশে চায় মঙ্গোলিয়া

কাশ্মীরি পোশাক ও চামড়া রপ্তানিতে বাংলাদেশকে সম্ভাবনাময় অংশীদার হিসেবে দেখতে চায় মঙ্গোলিয়া। ভারতে নিযুক্ত মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত গানবোল্ড দামবাজাভ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের সঙ্গে এক সৌজন্য বৈঠকের আহ্বান জানান। গত ১২ ডিসেম্বর ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বৈঠকটি হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও শ্রম সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেছে উভয় পক্ষ। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বিস্তারের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। বিশেষ করে কাশ্মীরি উলজাত পণ্য, চামড়া, টেক্সটাইল উৎপাদন, যৌথ প্রক্রিয়াকরণ, খনিজসম্পদ এবং লজিস্টিকসহ একাধিক খাতে সহযোগিতার সম্ভাবনার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করে।

রাষ্ট্রদূত বলেন, মঙ্গোলিয়া তাদের কাশ্মীরি পোশাক (কাশ্মীরি উলজাত পণ্য) ও চামড়া রপ্তানি সম্প্রসারণে নতুন অংশীদার খুঁজছে। যেখানে বাংলাদেশের দক্ষতা, মূল্য সংযোজন সক্ষমতা ও প্রতিযোগিতামূলক শিল্পকাঠামো বিশাল সুযোগ তৈরি করতে পারে। মঙ্গোলিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, জাপানসহ বিভিন্ন দেশের অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি রয়েছে। ফলে বাংলাদেশের উদ্যোক্তারা মঙ্গোলিয়ায় বিনিয়োগ করলে এসব উন্নত বাজারে শুল্ক সুবিধাসহ পণ্য রপ্তানির বড় সুযোগ পাবেন।

রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন মঙ্গোলিয়ায় বাংলাদেশের অনারারি কনস্যুল জেনারেল নাসরিন ফাতেমা আউয়াল। বিজিএমইএর পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান। উপস্থিত ছিলেন পরিচালক শাহ রাঈদ চৌধুরী, নাফিস-উদ-দৌলা, সুমাইয়া ইসলাম, কাজী মিজানুর রহমান, আসেফ কামাল পাশা, রুমানা রশীদ ও সামিহা আজিম।

সেলিম রহমান রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, রপ্তানি বাজার বৈচিত্র্যকরণের উদ্যোগে বিজিএমইএ এরই মধ্যে কাজ করছে। এ প্রেক্ষাপটে মঙ্গোলিয়ার সঙ্গে সহযোগিতা শিল্প খাতের জন্য সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। বৈঠকে মঙ্গোলিয়ার নির্মাণশিল্প, সড়ক ও মহাসড়ক উন্নয়ন, রেল উন্নয়ন, কৃষি এবং মাইনিং খাতে দক্ষ শ্রমিকের চাহিদার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন মঙ্গোলিয়ান রাষ্ট্রদূত। তিনি বলেন, এসব খাতে বাংলাদেশ উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।