বদিউল আলম বললেন

হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে

ঢাকা-৮ আসনে নির্বাচন করার ঘোষণা দেওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় আসন্ন জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার প্রতিরোধ নিয়ে গতকাল শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি এ মন্তব্য করেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘পরাজিত শক্তি পালিয়ে গেলেও তাদের দোসররা প্রতিনিয়ত হুমকি ও ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তাই অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কোনো কোনো সদস্যের কোনো দলের প্রতি আনুগত্য থাকলেও সরকার সামগ্রিকভাবে দলনিরপেক্ষ। তাই সব হুমকি ও ঝুঁকি মোকাবিলা করে সরকার গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে। তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের উপযোগী রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ জন্য ভেঙে পড়া পুলিশ ব্যবস্থা দ্রুত পুনরুদ্ধার করতে হবে।’

একটি ভালো নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সক্ষমতা গুরুত্বপূর্ণ উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, ‘কমিশন নির্বাচনী আইন অনুসরণে কোনো কোনো ক্ষেত্রে অনমনীয়তা দেখাতে পারেনি। নিবন্ধিত রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ও বিদেশি শাখা নির্বাচনী আইনের স্পষ্ট লঙ্ঘন। দলগুলোকে এসব ব্যবস্থা বিলুপ্ত করতে হবে।’

এ সময় সুশাসনের ব্যর্থতা দূর করতে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

সুজন সম্পাদক আরও বলেন, ‘অর্থ-বিত্তের মালিক হওয়ার যুদ্ধে লিপ্ত না হয়ে রাজনীতিবিদদের সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুষ্ঠু ধারায় ফিরে আসতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমান সময়ে একটি বিরাট সমস্যা। এর অপব্যবহার মানুষকে বিভ্রান্ত করে, এমনকি সুষ্ঠু নির্বাচন ও ফলকে প্রভাবিত করতে পারে। তাই নির্বাচন কমিশন ও সরকারকে বিশেষ সেল গঠন করে এআইয়ের নেতিবাচক প্রভাব মোকাবিলা করা জরুরি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় ঢাকা কমার্স কলেজকে পরাজিত করে হাজারীবাগ সরকারি কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। ছায়া সংসদটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘তফসিল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হত্যার উদ্দেশ্যে গুলি করা প্রমাণ করছে যে, নির্বাচন বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা সক্রিয়।’

এ ছাড়া ছায়া সংসদে বিচারক ছিলেন সাংবাদিক মাঈনুল আলম, সাইদুল ইসলাম, মশিউর রহমান খান, মাইদুর রহমান রুবেল ও মো. আতিকুর রহমান।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।