মেহেরপুর জেলার গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকেশ আহমেদ (১৭) নামে স্কুলছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় দুইজন আহত হন।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
রাকেশ আহমেদ উপজেলার তেরাইল গ্রামের মো. কমিরুল ইসলামের ছেলে। সে বামন্দী নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। আহতরা হলেন- মেহেরপুরের আব্দুল বাকীর ছেলে অভিক আহমেদ (২৮) ও বামন্দীর মিনকুল ইসলামের ছেলে শয়ন আলী(১৬)।
প্রত্যক্ষদর্শী সাজেদুর রহমান জানান, রাকেশ আহমেদ তেরাইল থেকে মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে বামন্দী বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে রাকেশ গুরুতর আহত হলে স্থানীয় একটি ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে আহত শয়নের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং আহত অভি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, দুর্ঘটনা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।