অভিনব আয়োজনে যাত্রা শুরু করল ‘বনলতা এক্সপ্রেস’

একঝাঁক তারকা নিয়ে যাত্রা শুরু করল পরিচালক তানিম নূরের দ্বিতীয় সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় আলো-আঁধারির মঞ্চে ট্রেনের শব্দ, লাল পর্দার আড়াল থেকে একে এক বের হয়ে আসেন সিনেমার পাত্র-পাত্রীরা। এভাবেই ব্যতিক্রমধর্মী এক আয়োজনের মাধ্যমে পরিচয় করিয়ে দেয়া হয় সিনেমাটির অভিনয়শিল্পীদের। 

গল্পের প্রয়োজনে ট্রেনের আদলে সাজানো মঞ্চে চরিত্রের নামেই ডাকা হয় শিল্পীদের। পর্দা সরতেই ট্রেন থেকে নেমে আসেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শরিফুল রাজ, সাবিলা নূরসহ আরও অনেকে। এই সিনেমায় আরও অভিনয় করছেন ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা এবং নতুন মুখের একঝাঁক শিল্পী। নির্মাতার ভাষায়, এটি কেবল একটি সিনেমা নয়, বরং গল্পের ভেতর দিয়ে মানুষের অনুভূতি, নীরব যন্ত্রণা ও মানবিক সম্পর্কের এক দীর্ঘ ভ্রমণ। 

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে হইচই নির্মাণ করছে ‘বনলতা এক্সপ্রেস’। গল্পের আবেগ ও গভীর মানবিকতাই এই সিনেমার মূল শক্তি বলে জানান পরিচালক তানিম নূর। তাঁর কথায়, ‘এই সিনেমা দর্শককে শুধু গল্প শোনাবে না, গল্পের ভেতর দিয়ে হাঁটাবে।’ 

শনিবার সন্ধ্যায় ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমাটির শিল্পী-কলাকুশলী, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা। কাস্ট রিভিলের পাশাপাশি সিনেমাটির ভাবনা ও নির্মাণ প্রক্রিয়া নিয়েও বিস্তারিত আলোচনা হয়। তিনটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তি পাবে আগামী বছর ঈদুল ফিতরে।