মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিষিদ্ধ বাসুডিন কীটনাশক মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ৭০ কেজি নিষিদ্ধ বাসুডিন জব্দ করে।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার তালতলা বাজারের মেসার্স শামীম ট্রেডার্সের সমুদয় নিষিদ্ধ কীটনাশক জব্দ করে স্বত্বাধিকারী মো. আক্কাসকে জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বিকেল সাড়ে ৩ টার দিকে অভিযান চালিয়ে শামীম ট্রেডার্সের প্রতিষ্ঠানের ভেতর ৭টি কার্টুনভর্তি অবস্থায় নিষিদ্ধ ও অনুমোদিত বাসুডিন কীটনাশক পাওয়া যায়। যা বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। এতে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ব্যবসায়ীকে জরিমানা ও নিষিদ্ধ বাসুডিন জব্দ করেন।
অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশাররফ হোসেন ও মালখানগর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মমতাজ মহল।