সাবেক ওসিকে জামায়াত আইনজীবীদের হাত থেকে উদ্ধার করল বিএনপি

আওয়ামী লীগের শাসনামলে নারায়ণগঞ্জের সদর ও ফতুল্লা থানায় কর্মরত পুলিশের সাবেক একজন ওসিকে আটকে রেখেছিল জামায়াতে ইসলামির আইনজীবীরা। পরে বিএনপি নেতৃবৃন্দ ও আইনজীবীরা এসে তাকে উদ্ধার করেন।

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা আদালতপাড়ায় ওই ঘটনা ঘটে। ওই সময়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা হয়।

মহানগর শিবিরের সাবেক সভাপতি এবং শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট সাইফুল ইসলাম জানান, ২০১৩ সালে ছাত্রশিবির রাজনীতির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে তৎকালীন ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের ও ডিবি হারুন কর্তৃক গ্রেপ্তার, নির্যাতন এবং প্রায় তিন দিন তাকে গুম করে রাখা হয়। ওই সময় তার পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। এজন্য তাকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের কাছে পেয়ে আইনের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান এসে মঞ্জুর কাদেরকে উদ্ধার করে একটি গাড়িতে উঠিয়ে নিরাপদ স্থানে পাঠিয়ে দেন।

সাখাওয়াত হোসেন খান জানান, সাবেক ওসি মঞ্জুর কাদের বর্তমানে অবসরে আছেন। তিনি কোন কাজে জেলা প্রশাসক কার্যালয়ে এসে ছিলেন। এর মধ্যে কিছু লোকজন তাকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পেয়ে মব করার চেষ্টা করেছিলেন। খবর পেয়ে আমরা আইনজীবীরা সেখানে গিয়ে প্রতিবাদ করি এবং মঞ্জুর কাদেরকে তাদের কাছ থেকে উদ্ধার করে নিরাপদে ছেড়ে দেওয়া হয়। নারায়ণগঞ্জ আদালতপাড়ায় মব করা যাবে না। কারো বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে মামলা করে বিচারের আওতায় আনতে হবে।