চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মার্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনসহ মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে। দেশকে শত্রুমুক্ত করতে গিয়ে ১৯৭১ সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জে পাকবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শাহাদাতবরণ করেন তিনি। গতকাল রবিবার সকালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের শাহাদাতবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ শহরের উপকণ্ঠের মহানন্দা নদী তীরবর্তী রেহাইচরের শাহাদতস্থলে জাতীয় পতাকা উত্তোলন ও স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদান এবং বিশেষ দোয়া করা হয়। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশ প্রশাসনসহ মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া করা হয়।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ শহরকে শত্রুমুক্ত করতে ১৪ ডিসেম্বর ভোরে ক্যাপ্টেন জাহাঙ্গীর মহানন্দা নদী পার হয়ে রেহাইচর গ্রামে অবস্থান নিয়ে তুমুল যুদ্ধের মুখোমুখি হন শত্রুদের সঙ্গে। এ সময় ধ্বংস করে দেন শত্রুবাহিনীর ১৮টি ট্রেঞ্চ ও ২০ থেকে ২২টি বাংকার। একপর্যায়ে একটি গুলি এসে তার কপালে লাগলে ঘটনাস্থলে শাহাদাতবরণ করেন তিনি। পরে ১৫ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীরকে ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।