নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর বালুর মাঠে অবৈধ মেলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এ মেলা উচ্ছেদ করা হয়। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসিফ আল জিনাতের নেতৃত্বে উপজেলা প্রশাসন মেলা উচ্ছেদ করে।
উচ্ছেদ অভিযানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া এ মেলার আড়ালে মাদক কারবার, জুয়া ও অশ্লীল নৃত্যসহ অবৈধ কর্মকা- পরিচালিত হয়ে আসছিল।
সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ বলেন, জেলা প্রশাসনের অনুমোদন ছাড়া মেলার আয়োজন করায় মেলাটি অবৈধ। অবৈধভাবে লোক সমাগম করার অধিকার কারও নেই। এ ছাড়া মেলায় মাদক বেচাকেনা ও জুয়ার বোর্ড বসানোর অভিযোগ রয়েছে। ফলে মেলাটি উচ্ছেদ করা হয়। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানান, এ অবৈধ মেলা বসানোর অনুমতি দেওয়া হয়নি। আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষণার পর কোনো প্রকার জমায়েত করার সুযোগ নেই। তাই অবৈধ মেলা উচ্ছেদ করা হয়েছে।