আটকের পর ডিবিতে সাংবাদিক আনিস আলমগীর

সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। ডিবি বলছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল রবিবার সন্ধ্যায় ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, ধানম-ি এলাকা থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে আটক নাকি কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে জানতে চাইলে তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ডিবি কার্যালয় থেকে সাংবাদিক আনিস আলমগীর মোবাইলে গণমাধ্যমকে বলেন, ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে আমাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন। আনিস আলমগীর ২০১৭ সালে দৈনিক মানবকণ্ঠের সম্পাদক হিসেবে নিয়োগ পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করা আনিস আলমগীর দৈনিক দেশ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি মানবকণ্ঠে যোগদানের আগে এশিয়ান টিভিতে হেড অব নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পদে কর্মরত ছিলেন। তিনি ২০০১ সালে আফগান যুদ্ধের সংবাদ সংগ্রহকালে তালেবানদের হাতে বন্দি হয়েছিলেন।