প্যালেসকে উড়িয়ে ‘বড় বার্তা’ সিটির শিরোপায় আত্মবিশ্বাসী গার্দিওলা

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩–০ গোলের জয়ের পর প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে এটিকে “বড় বার্তা” হিসেবেই দেখছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। রবিবার সেলহার্স্ট পার্কে ম্যাচজুড়ে চাপে থাকলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে কার্যকর ফুটবল খেলেই জয় নিশ্চিত করে তার দল।

দীর্ঘ সময় ম্যাচে আধিপত্য বিস্তার করতে না পারা সিটির জন্য প্রথম গোলটি আসে প্রথমার্ধের শেষ দিকে।্আরলিং হালান্ডের হেডে অবশেষে জট খুলে যায়। এর আগে ও পরে একাধিকবার গোল হজমের শঙ্কায় পড়েছিল সিটি, তবে প্যালেসের সুযোগ নষ্ট করা ও ভাগ্য তাদের পক্ষে ছিল।

দ্বিতীয়ার্ধে নির্মম রূপ নেয় গার্দিওলার দল। বক্সের বাইরে থেকে শক্ত শটে ব্যবধান বাড়ান ফিল ফোডেন। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৩–০ করেন হালান্ড।

এই জয়ের ফলে লিগে টানা চার ম্যাচ জিতল সিটি। দ্বিতীয় স্থানে থাকা তারা এখন শীর্ষে থাকা আর্সেনালের থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে। শিরোপা লড়াই ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের মাঠে ২–১ ব্যবধানে কঠিন জয়ের পর এমন পারফরম্যান্সে গার্দিওলা বিশেষভাবে সন্তুষ্ট। তার মতে, শারীরিক ও মানসিক ক্লান্তির পরও প্যালেসের মতো লড়াকু দলের বিপক্ষে এভাবে জয় পাওয়া সহজ ছিল না।

গার্দিওলা বলেন, “যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে নিজের শর্তে খেলতে পারলে ভালো কিছু হবেই। নিজের পরিচয় ভুলে গিয়ে ফুটবল খেলার কোনো মানে নেই। আমরা এখনও শীর্ষে নেই, কিন্তু শিখছি। ভবিষ্যতে আরও কাছে যাব। বার্নাব্যুতে খেলার পর এফএ কাপজয়ী দলের বিপক্ষে নামাটা বড় চ্যালেঞ্জ ছিল।”

এই জয়টি গার্দিওলার জন্য বাড়তি তৃপ্তিরও। গত মৌসুমে ওয়েম্বলিতে এফএ কাপ ফাইনালে অলিভার গ্লাসনারের প্যালেসের কাছে অপ্রত্যাশিতভাবে হেরেছিল সিটি। সেই স্মৃতির বদলাও হয়ে গেল এবার।

গার্দিওলা স্বীকার করেন, প্যালেস বরাবরই সিটির জন্য কঠিন প্রতিপক্ষ। “প্যালেস খুবই শক্তিশালী দল। ওদের বিপক্ষে খেলতে গেলেই কঠিন লাগে। এর পেছনে অনেক পরিশ্রম লুকিয়ে আছে,” বলেন তিনি।

দল পুনর্গঠনের পথে থাকা সিটি এখনও পুরোপুরি পরিপূর্ণ নয় বলেও মানছেন গার্দিওলা। তবে প্যালেসের বিপক্ষে লড়াই করে জয় তুলে নেওয়ার মানসিকতাকে তিনি বড় ইতিবাচক দিক হিসেবে দেখছেন—যে বৈশিষ্ট্যের ঘাটতি গত মৌসুমে ছিল বলে মনে করেন তিনি।

“অনেক কিছুতেই আমাদের উন্নতি করতে হবে। রিয়ালের বিপক্ষে ম্যাচ আমাকে বুঝিয়েছে, কিছু ক্ষেত্রে আমরা এখনও প্রস্তুত নই। খেলোয়াড়দের অনেকেই তরুণ। কিন্তু এখানে ৩–০ জেতা আমাদের জন্য বড় বার্তা,” বলেন গার্দিওলা।

তিনি আরও যোগ করেন, “অতীতে যখন আমরা জিততাম, তখন মনে হতো সবকিছু নিখুঁত। ১০০ পয়েন্ট নিয়ে লিগ জেতার মৌসুমেও এমন অনেক ম্যাচ ছিল। তখনও দৃঢ়তা ছিল আমাদের শক্তি। লড়াইয়ের সময় আসে, সংগ্রাম থাকে। রিয়ালের ম্যাচ নিখুঁত ছিল না, কিন্তু সেটা ছিল এক ধাপ এগোনো। আমরা অবিশ্বাস্যভাবে লড়াই করেছি।”

শেষে গার্দিওলা বলেন, “গত মৌসুমের চেয়ে আমরা এখন ভালো অবস্থানে আছি। যেসব প্রতিযোগিতায় আছি, সেখানে শীর্ষের খুব কাছাকাছি রয়েছি।”