আলাভেসের মাঠে টানটান লড়াইয়ে শেষ পর্যন্ত স্বস্তির জয় পেল রিয়াল মাদ্রিদ। রদ্রিগোর জয়সূচক গোলে ২–১ ব্যবধানে ম্যাচ জিতে আপাতত নিজের চাকরি রক্ষা করলেন কোচ জাবি আলোনসো।
এস্তাদিও মেন্দিসোরোসায় ম্যাচটি শুরু থেকেই ছিল চাপের। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ নয় ম্যাচে মাত্র দুই জয় পাওয়া রিয়ালের জন্য এই ম্যাচটি ছিল ‘ডু অর ডাই’। হার বা ড্র হলে আলোনসোর ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারত—এমন ইঙ্গিতই দিচ্ছিল স্প্যানিশ সংবাদমাধ্যম।
ম্যাচের ২৫ মিনিটে কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত একক প্রচেষ্টায় রিয়ালকে এগিয়ে দেন। জুড বেলিংহামের থ্রু বল পেয়ে বাঁ দিক দিয়ে ঢুকে নিখুঁত কার্লিং শটে জাল কাঁপান ফরাসি তারকা। তবে দ্বিতীয়ার্ধে কার্লোস ভিসেন্তের গোলে সমতায় ফেরে আলাভেস।
চাপের মুখে পড়ে যাওয়া রিয়ালকে মুক্তি দেন রদ্রিগো। ম্যাচের শেষভাগে ভিনিসিয়ুস জুনিয়রের বাড়ানো নিচু ক্রসে ছয় গজ বক্সে নিখুঁত ফিনিশে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ওই গোলই নিশ্চিত করে রিয়ালের বহু কাঙ্ক্ষিত তিন পয়েন্ট। গত দুই ম্যাচ শুরু করা রদ্রিগ্রো দুই ম্যাচেই গোল করলেন। এর আগে বেশ কয়েকটি ম্যাচ বদলী হিসেবে খেলেছিলেন।
ম্যাচ শেষে জাবি আলোনসো বলেন, “এটা খুব কঠিন ম্যাচ ছিল। আমরা লড়াই করেছি এবং শেষ পর্যন্ত জয় পেয়েছি। এই তিন পয়েন্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।”
এই জয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে চার পয়েন্টে এনেছে। একই সঙ্গে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে কোচ জাবি আলোনসোর ডাগআউটে।
‘মাঠের বাইরে আমি একজন অলস মানুষ’
টেন্ডুলকারের মাঠে সুনীল ছেত্রীদের সাথে ফুটবল খেললেন লিওনেল মেসি