বগুড়ার শেরপুর উপজেলায় খেঁজুরের কাঁচা রস পান করার পর অসুস্থ হয়ে মাহিন বাবু (৬) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত মাহিন বাবু শাহ বন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা দুবলাগাড়ী গ্রামের আপেল মাহমুদ ফুয়াদ হোসেনের ছেলে। সে স্থানীয় তালীমুস সুন্নাহ মাদ্রাসার প্লে শ্রেণির ছাত্র ছিল।
পরিবার সূত্রে জানা যায়, রোববার (১৪ ডিসেম্বর) সকালে খেঁজুরের রস পান করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মাহিন। প্রথমে তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় নিজ গ্রামে জানাজা শেষে মাহিন বাবুর মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।