ফিফার বর্ষসেরা কারা তা জানা যাবে আজ রাতে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ আয়োজনে। এবারের ফিফা দ্য বেস্ট অনুষ্ঠান হবে কাতারের রাজধানী দোহায়। বাংলাদেশ সময় আজ রাত ১১ টায় শুরু হবে জমকালো এ আয়োজন। মোট ১২টি ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার। এই অনুষ্ঠান ফিফার ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে দেখা যাবে এই অনুষ্ঠান।
যে ১২ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে
দ্য বেস্ট ফিফা নারী খেলোয়াড়, দ্য বেস্ট ফিফা পুরুষ খেলোয়াড়, দ্য বেস্ট ফিফা নারী দলের কোচ, দ্য বেস্ট ফিফা পুরুষ দলের কোচ, দ্য বেস্ট ফিফা নারী গোলরক্ষক, দ্য বেস্ট ফিফা পুরুষ গোলরক্ষক, দ্য বেস্ট ফিফা নারী বর্ষসেরা একাদশ, দ্য বেস্ট ফিফার পুরুষ বর্ষসেরা একাদশ, ফিফা মার্তা অ্যাওয়ার্ড (নারীদের বর্ষসেরা গোল), ফিফা পুসকাস অ্যাওয়ার্ড (পুরুষদের বর্ষসেরা গোল), ফিফা ফ্যান অ্যাওয়ার্ড, ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড।
সেরাদের যেভাবে নির্বাচিত করা হয়
বর্ষসেরা নারী খেলোয়াড়, পুরুষ খেলোয়াড়, নারী দলের কোচ, পুরুষ দলের কোচ, নারী গোলরক্ষক ও পুরুষ গোলরক্ষক নির্বাচিত হবেন ফুটবল ভক্ত, জাতীয় দলের কোচ, অধিনায়ক ও বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভোটে। চারটি বিভাগের ভোটারদেরই সমান অংশীদারত্ব থাকছে ভোটে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয়- সবাই তিনজনকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। প্রথম সেরা ৫ পয়েন্ট, দ্বিতীয় সেরা ৩ পয়েন্ট ও তৃতীয় সেরা ১ পয়েন্ট পেয়েছেন। সব পয়েন্ট যোগ করেই নির্বাচন করা হবে সেরা।
পুরুষ সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় কারা আছেন
সেরা পুরুষ ফুটবলার হওয়ার দৌড়ে গত ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে ফেবারিট। এছাড়াও সংক্ষিপ্ত তালিকায় আছেন রাফিনহা, পেদ্রি, আশরাফ হাকিমি, লামিন ইয়ামাল, মোহামেদ সালাহ, ভিতিনহা, নুনো মেন্ডেজ, কোল পালমার, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে।