২৫ কোটি ২০ লাখ রুপি দিয়ে অস্ট্রেলীয় অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে কেনা কলকাতা নাইট রাইডার্স বড় অঙ্ক খরচ করে দল নিয়েছেন শ্রীলঙ্কান পেসার মাতিশা পাতিরানাকেও। ১৮ কোটি রুপি দাম হেঁকে তাকে কিনেছে কেকেআর।
পাতিরানাকে কিনতে লড়াই চলছিল দিল্লি ও লখনৌ। লখনৌ ১৬ কোটিতে ওঠার পর পিছু হটে দিল্লি। এরপরই লড়াইয়ে নামে কলকাতা, কিনে নেয় পাতিরানাকে।
এর আগে ৩৫০ জন ক্রিকেটার নিয়ে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া নিলামের শুরুতেই ঝড় তোলেন ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার পেস বোলিং এই অলরাউন্ডারকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়ে যায়। কেকেআর, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের ত্রিমুখী লড়াইয়ে শেষ পর্যন্ত সফল হয় কলকাতা। আইপিএলে ইতিহাসে বিদেশি খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে দামি খেলোয়াড় এখন গ্রিন।
তিনি ভেঙে দিলেন মিচেল স্টার্কের রেকর্ড। আইপিএলের ২০২৪ আসরের নিলামে এই কেকেআরই ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়া পেসারকে দলে ভেড়ায়। বিদেশী খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ হলেও সব মিলিয়ে গ্রিন আছেন আইপিএলের নিলামে সবচেয়ে দামী খেলোয়াড়দের তালিকার তিন নম্বরে। ২৭ কোটি টাকায় রিশভ পান্তকে দলে নিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস, সেটাই এখন পর্যন্ত রেকর্ড। দ্বিতীয় দামী খেলোয়াড় শ্রেয়াস আইয়ারকে গতবছর ২৬.৭৫ কোটিতে কেকেআর থেকে কিনেছিল পাঞ্জাব কিংস।
২০২৩ সালের নিলামে ১৭ কোটি ৫০ লক্ষ টাকায় গ্রিনকে কিনেছিল মুম্বাই। সেই টাকাতেই ২০২৪ সালে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গিয়েছিলেন। এবার সেটাও ছাপিয়ে গেলেন তিনি। গ্রিন অবশ্য পুরো টাকা পাবেন না। ২০২৫ সালের আইপিএলের নিলামের নিয়ম অনুযায়ী বিদেশি খেলোয়াড়দের জন্য ‘সর্বোচ্চ ফি’ সীমা চালু হয়। কোনো বিদেশি খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ রিটেনশন স্তরের বেশি উপার্জন করতে পারবে না। বর্তমানে সেই সর্বোচ্চ স্তর হলো ১৮ কোটি রুপি। তাতে কেকেআর গ্রীনকে ১৮ কোটি টাকা দেবে। বাকি ৭.২০ কোটি টাকা বিসিসিআইয়ের খেলোয়াড় কল্যাণ তহবিলে যাবে।
২৩ কোটি ৭৫ লাখ থেকে ৭ কোটিতে নামল ভেংকটেশ আইয়ারের দাম
গতবার ভারতীয় অলরাউন্ডার ভেংকটেশ আইয়ারকে ২৩ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে কিনে হইচই ফেলেছিল কলকাতা নাইট রাইডার্স। এবার সেই ভেংকটেশ বিক্রি হয়েছেন ৭ কোটি রুপিতে। তাঁকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
দিল্লিতে ‘মিলার দ্য কিলার’
নিলামের প্রথম সেটে একমাত্র ফিনিশার ডেভিড মিলার। ভিত্তি মূল্য ২ কোটি রুপিতেই তাঁকে দলে ভেড়াল দিল্লি ক্যাপিটালস। মিলারের এটি আইপিএলে পঞ্চম দল। কিংস ইলেভেন পাঞ্জাব (২০১২-২০১৯), রাজস্থান রয়্যালস (২০২০-২১), গুজরাট টাইট্যান্স (২০২২-২০২৪), সর্বশেষ লখনৌ সুপার জায়ান্টসে খেলেছিলেন তিনি।
বিষ্ণয়ের দাম ৭ কোটি ২০ লাখ
ভারতীয় লেগ স্পিনার রবি বিষ্ণইকে ৭ কোটি ২০ লাখ রুপি দিয়ে কিনেছে রাজস্থান রয়্যালস। চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদও ছিল লড়াইয়ে।
ফিন অ্যালেন ২ কোটিতে কেকেআরে
নিউজিল্যান্ডের মারকুটে ওপেনার ফিন অ্যালেনকে ভিত্তিমূল্য ২ কোটিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে এই প্রথম খেলবেন তিনি।
সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে অভিষেক হলো রিশাদের