দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে এই আয়োজন করা হয়।
এর আগে সকালে তোপধ্বনীর মাধ্যমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন এবং পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলার ময়ূরাক্ষী উন্মুক্ত মঞ্চে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা ও সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন।
উন্মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) নাজিয়া নওরীন, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার,উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডারের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মণ্ডল আবুল, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন মাস্টার, পৌর যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইছাহাক আলী, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ মূলক বক্তব্য শ্রোতাদের হৃদয় স্পর্শ করে।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা বলেন, বিজয় দিবস আমাদের গৌরবময় ইতিহাস ও আত্মত্যাগের চেতনাকে জাগ্রত করে। তিনি শহীদ মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।